আলোকসজ্জার বৈদ্যুতিক তারে প্রাণ গেল বরের

বিয়ের সব আয়োজন শেষ। বাড়িভর্তি আত্মীয়স্বজন মেতে আছে আনন্দ-উৎসবে। রাতে গায়েহলুদ হওয়ার কথা। কিন্তু সেই গায়েহলুদ আর হলো না আবদুর রহিমের (৩০)। নিমেষেই সব তছনছ হয়ে গেছে। গতকাল শনিবার দুপুরে বিয়ের আলোকসজ্জার বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছেন তিনি। রহিম মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ঘড়গাঁও গ্রামের তারা মিয়ার ছেলে। পেশায় অটোরিকশাচালক।

নিহতের পরিবার জানায়, একই উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের মৃত রইছ আলীর মেয়ে ঝর্ণা আক্তারের (১৮) সঙ্গে কিছুদিন আগে আবদুর রহিমের বিয়ে ঠিক হয়। রবিবার তাদের বিয়ে হওয়ার কথা। গায়েহলুদ অনুষ্ঠানের জন্য বাড়িতে আলোকসজ্জার বাতি টানানো হয়েছে। শনিবার দুপুরে বৃষ্টিতে ভিজে খালি পায়ে আলোকসজ্জার এক টুকরো তার ঝুলতে দেখে তা সরাতে যান রহিম। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রহিমের খালাতো ভাই দিপু মিয়া তাকে তুলতে গেলে তিনিও বিদ্যুতের ঝটকায় ছিটকে পড়েন। পরে বিদ্যুৎ অপরিবাহী বস্তু দিয়ে আঘাত করে তাকে ছাড়িয়ে নিয়ে চিৎকার করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।