প্রথমবারের মতো অনুষ্ঠিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর চ্যাম্পিয়ন ইউনিয়ন ব্যাংককে ২৫ লাখ টাকা পুরস্কার দিয়েছে দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ। গতকাল রবিবার রাজধানীর মহাখালীতে রূপায়ণ গ্রুপের প্রধান কার্যালয়ে ইউনিয়ন ব্যাংককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল পুরস্কারের অর্থের এই চেক তুলে দেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী এবং দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে।
এ সময় ইউনিয়ন ব্যাংকের সব সদস্য ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, ‘খেলাধুলাসহ নানা সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে কাজ করছে রূপায়ণ গ্রুপ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম মোকাম্মেল হক চৌধুরী বলেন, ব্যাংকিং খাতে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টে আগামীতেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে শক্তিশালী টিম গঠন করবে ইউনিয়ন ব্যাংক। খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপ ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।