কক্সবাজারে মাহবুব আড়াইহাজারে সুন্দর আলী মেয়র নির্বাচিত

প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে স্বতঃস্ফূর্ত ভোটে কক্সবাজার পৌরসভা নির্বাচনে  নতুন মেয়র হয়েছেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান। বেসরকারি ফলাফলে পৌরসভার ৪৩ কেন্দ্রে নৌকার প্রাপ্ত ভোট ২৮ হাজার ৪১৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট।

এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সুন্দর আলী দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে গতকালসোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।  

নির্বাচনে ৫ মেয়র প্রার্থী থাকলেও মূল লড়াই হয়েছে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মাবু ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) মাসেদুল হক রাশেদের। পৌরসভার ১২টি ওয়ার্ডে ৯৪ হাজার ৮১১ জন ভোটারের মাঝে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৫ হাজার ৩৮১ জন। নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর মিলে ৭৮ জন প্রার্থী ভোটযুদ্ধে ছিলেন। অনভ্যস্ততায় ইভিএমে ভোট দিতে ভোগান্তি পেয়েছেন নারী ভোটাররা।

কাউন্সিলর নির্বাচিতরা হলেন ১ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডে এহেছান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর শাহাব উদ্দীন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সালাহউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর নূর মোহাম্মদ মাজু এবং ১২ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর এম এ মনজুর।

 সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা হলেছেন আগের চারজনই। এতে ১, ২, ৩-এ শাহেনা আক্তার পাখি; ৪, ৫, ৬-এ ইয়াসমিন আকতার, ৭, ৮, ৯-এ জাহেদা আকতার এবং ১০, ১১, ১২-এ নাছিমা আকতার।

জয়ের প্রতিক্রিয়ায় নৌকার প্রার্থী মাবু বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে নৌকা দিয়েছেন। জনগণ আমাকে বিজয়ী করেছেন। বর্তমান মেয়র মুজিবুর রহমানের শুরু করা উন্নয়ন কর্মকা-ের ধারাবাহিকতা সবাইকে সঙ্গে নিয়ে অব্যাহত রাখব।’

ইভিএম মেশিনে ভোট দেওয়ার বিষয়ে আগে থেকে অভ্যস্ত ছিলেন না ভোটাররা। তাই ভোট গ্রহণ কক্ষে ইভিএমে ভোট দিতে দেরি হয়। অনেক কেন্দ্রে ইভিএমে ত্রুটি ছিল; যা ঠিক করতে সময় লেগেছে। তবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি তারা।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কক্সবাজার পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক টহলরত অবস্থায় ছিলেন।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, ‘বিগত দিনেও কক্সবাজারে ইভিএমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। এবারও একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি আমরা।’

সুন্দর আলী আবার মেয়র নির্বাচিত : নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সুন্দর আলী দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম বেসরকারিভাবে এ ঘোষণা দেন। ফলাফলে নৌকা প্রতীকের সুন্দর আলী পেয়েছেন ৯ হাজার ৯৯২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট।

রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম আড়াইহাজার পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ভোটকেন্দ্র পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে আড়াইহাজার পৌরসভায় ভোট হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।