ডেঙ্গুতে এক দিনে ভর্তি ও মৃত্যুর রেকর্ড

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) এক দিনে এ বছরের সর্বোচ্চ ৪৭৭ রোগীর হাসপাতালে ভর্তি ও ৪ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। এর আগে এ বছরের সর্বোচ্চ ২৮৫ রোগী ভর্তির রেকর্ড হয়েছিল ১৫ জুন এবং সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছিল ৪ জুন।

গত ২৪ ঘণ্টায় এই প্রথমবারের মতো এ বছর ঢাকার বাইরে রোগী ১ হাজার ছাড়াল। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৬০৩ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৩ হাজার ৫৭৫ এবং ঢাকার বাইরে ১ হাজার ২৮ জন।

এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে এ মাসেই ২ হাজার ৫৮১ জন। ১৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৫৮১ জন, যা বছরের মোট ভর্তি রোগীর ৫৬ শতাংশ।

একইভাবে এ মাসে মারাও গেছে বেশি। গতকাল পর্যন্ত দেশে যে ৩৩ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে ১৭ দিনে; অর্থাৎ মোট মৃত্যুর ৬১ শতাংশই ঘটেছে এ মাসে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৯১১ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২২৭ জন।

এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রতিদিনই মানুষকে সতর্ক করছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হাসপাতালে ১০০ ও বেসকারি হাসপাতালে ৫০০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে। রোগীদের সেবার জন্য সরকারি হাসপাতালে পৃথক চিকিৎসাব্যবস্থা করা হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, শুরুতেই রোগটি শনাক্ত করা গেলে এবং চিকিৎসা নিলে ভয়ের কিছু নেই।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে ৫৬৬, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩ ও মে মাসে ১ হাজার ৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে জানুয়ারিতে ছয়, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে দুই ও মে মাসে দুজনের মৃত্যু হয়েছে।