আবরাহার হস্তী বাহিনী যেখানে ধ্বংস হয়েছিল

ইয়েমেনের শাসক আবরাহা পবিত্র কাবাঘর ধ্বংস করতে এসেছিল। কিন্তু আল্লাহ তাকে মক্কার উপকণ্ঠে ধ্বংস করেছিলেন। আল্লাহর গজবে যে স্থানে আবরাহার বাহিনী ধ্বংস হয়েছিল সেটাকে ওয়াদি মুহাসসার বলা হয়। এটি মূলত মিনার পূর্ব পাশে লাগোয়া মুজদালিফার ময়দান। মাঝে শুধু একটি ওয়াদি বা উপত্যকার ব্যবধান। দুই ময়দানের মাঝে উত্তর-দক্ষিণে এঁকেবেঁকে এই ওয়াদির অবস্থান। লক্ষ্য করলে দেখা যাবে, এই ওয়াদির পশ্চিম পাশে মিনার শেষ সীমান্ত সাইনবোর্ড আছে, যা মিনার সীমানা চিহ্নিত করে। কয়েক গজ দূরের আরেকটি সাইনবোর্ড দ্বারা মুজদালিফার সীমানা চিহ্নিত করা হয়েছে।

দুই সাইনবোর্ডের মধ্যবর্তী স্থানটিই হলো ওয়াদি মুহাসসার। এখানে আবরাহার হস্তী বাহিনী ধ্বংস হয়েছিল। স্থানটি অতিক্রম করার সময় হজরত রাসুলুল্লাহ (সা.) দ্রুততার সঙ্গে চলেছিলেন। তাই হাজিদের জন্য স্থানটি দ্রুত পার হওয়া সুন্নত। ওয়াদি মুহাসসার হারাম এলাকার অন্তর্ভুক্ত হলেও এ স্থানটুকু মাশআরের অন্তর্ভুক্ত নয়।

ঘটনাটি নবী কারিম (সা.)-এর জন্মের বছর ৫৭০ খ্রিস্টাব্দের। আবরাহা কাবা শরিফ ধ্বংস করার জন্য বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে রওনা করেন। কোনো বর্ণনায় ২০ হাজার এবং কোনো বর্ণনায় ৬০ হাজার সেনার কথা এসেছে।

আবরাহা যখন ওয়াদি মুহাসসার পেরিয়ে মক্কা অভিমুখে রওনা হওয়ার উদ্যোগ নেন, হাতিকে মক্কার দিকে হাঁকাতে চেষ্টা করেন, তখন হাতি বসে পড়ে। তারপর শতচেষ্টা করেও হাতিকে মক্কামুখী করা যায়নি। এরই মধ্যে ঝাঁকে ঝাঁকে অচেনা পাখি আসতে শুরু করে, যাদের সবার মুখে একটি এবং দুই পায়ে দুটি কঙ্কর ছিল, যা ডাল ও গমের মতো। এই কঙ্কর যার মাথায় পড়েছে, সে-ই ধ্বংস হয়েছে।