আইনমন্ত্রী বললেন

সাংবাদিক নাদিম খুনের বিচার দ্রুত বিচার আদালতে

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার বিচার দ্রুত বিচার আদালতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল রবিবার একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘কিছু কিছু অপরাধ আছে যেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। আমার মনে হয়, এই হত্যাকা-টির বিচার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।’ তিনি বলেন, ‘আমি আপনাদের আশ^স্ত করতে চাই, তদন্ত শেষ হওয়ার পর অবশ্যই এ মামলা দ্রুত বিচার আদালতে এবং দ্রুত সময়ে ন্যায়বিচার এবং সুষ্ঠু বিচারের জন্য যেখানে নিয়ে যাওয়া উচিত সেখানেই নেওয়া হবে।’

নাদিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা এবং তা খারিজ ও তাকে পুলিশের নিরাপত্তা না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সাব-জুডিস ম্যাটারে আপনারা (সাংবাদিক) অনেক প্রশ্ন করলেও আমি এ বিষয়ে কোনো কথা বলি না, এখনো বলব না এবং অনেক তথ্য তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে যেগুলো সম্পূর্ণভাবে বেরিয়ে না এলে, আমার মনে হয় আমার জায়গা থেকে বক্তব্য দেওয়াটা সঠিক হবে না।’

গত দুই যুগে সাংবাদিক হত্যার বেশ কিছু মামলা নিষ্পত্তি না হওয়া-সংক্রান্ত প্রশ্নের জবাবে আইন ও বিচারমন্ত্রী বলেন, ‘এই মামলাগুলো যাতে দ্রুত সুষ্ঠু বিচারের পর্যায়ে যায় সে ব্যাপারে আমি সচেষ্ট হব।’

দেশের বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘উনারা (বিএনপি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা করতে দেননি। উনারা তাদের নেতা জিয়াউর রহমান হত্যা মামলার বিচার করতে পারেননি। তাদের তো এসব কথা বলার মতো মুখ নাই। আমরা দেশে সুষ্ঠু বিচার এবং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত করেছি।’

সদ্য পদায়ন করা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত ‘১৫১তম রিফ্রেসার কোর্স’ উদ্বোধন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে এ কর্মশালার উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা।