ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতিতে ক্ষুব্ধ পাকিস্তান

পাকিস্তানে জঙ্গি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সহকারী রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষোভ প্রকাশ করেছে। গতকাল দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।  

সংবাদমাধ্যমটি বলছে, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় দুই দেশের তরফে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, পাকিস্তানে যে সব জঙ্গি আছে, তাদের বিরুদ্ধে যেন ইসলামাবাদ ব্যবস্থা নেয়। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশই সীমান্তপাড়ের সন্ত্রাসের নিন্দা করছে। দুই দেশই চায়, পাকিস্তানের দখলে থাকা কোনো অংশ থেকে জঙ্গিরা যেন আক্রমণ না শানাতে পারে।

তার পরিপ্রেক্ষিতেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অফ মিশনকে ডেকে এই বিবৃতির তীব্র নিন্দা করেছে। পাকিস্তানের ভাষ্য, এই বিবৃতি অপ্রয়োজনীয়, একতরফা ও বিভ্রান্তিকর।

পাকিস্তান বলেছে, যুক্তরাষ্ট্র যেন এমন কিছু না করে, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রচার গুরুত্ব পায়।

গতকাল পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সন্ত্রাসবিরোধী অপারেশন ভালোভাবে চলছে। দুই দেশের সম্পর্কও আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে। পাকিস্তানের দাবি, যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকাটা কূটনৈতিক রীতিবিরোধী এবং তাতে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকার নিন্দা করেছেন।