‘পুষ্পা ২’ নিয়ে উন্মাদনার অন্ত নেই দর্শকদের। ইতিমধ্যেই শুরু হয়েছে ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং। এই মুহূর্তে বিশাখাপত্তনমে শুটিং শুরু হতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের। শোনা যাচ্ছে, ওই দৃশ্যের শুটিংয়ের জন্য ৫০ জন জার্মান স্টান্টম্যানকে আনা হয়েছে সেখানে।
তবে এর মাঝেই বড় চমক নিয়ে আসছেন ছবিটির নির্মাতা। ছবিতে আল্লুকে নাচে টক্কর দিতে আসতে চলেছেন রণবীর সিং। ছবিতে একটি জাঁকজমকপূর্ণ পার্টি গানে দেখা যাবে তাকে। নাচের ব্যাপারে আল্লু অর্জুন যেমন অপ্রতিরোধ্য, কম যান না রণবীরও। এবার দুই তারকার যুগলবন্দি যে দর্শকদের কাছে বাড়তি পাওনা হতে চলেছে, তা বলা বাহুল্য।
শোনা যাচ্ছে, ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে রণবীরকে। শুধু রণবীর নন, একটি গানের দৃশ্যে থাকতে পারেন দিশা পাটানিও। প্রথম ভাগে সমান্থা রুথ প্রভুর ‘উ অন্তভা’কে টেক্কা দিতেই নাকি থাকছে দিশার একটি বিশেষ নাচ।
গত বছরের শেষ দিক থেকে শুরু হয়ে গিয়েছিল সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রুল’ ছবির শুটিং। এখনও পর্যন্ত গোটা দেশের একাধিক জায়গায় শুটিং করেছেন আল্লু অর্জুন ও ছবির গোটা টিম। আগামী বছর মে মাস নাগাদ মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’।