চট্টগ্রাম-১০ আসনে নৌকার মাঝি মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আলোচনার বাইরে থাকা নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে দলীয় প্রার্থী করে চমক দেখিয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তিন মাসের মাথায় তেমনি আরেক চমক এসেছে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের প্রার্থী মনোনয়নে। গতকাল সোমবার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম মহানগর যুবলীগ ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন বাচ্চুকে এই উপনির্বাচনে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

এই উপনির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে ২৯ জন ফরম সংগ্রহ করেছিলেন। তাদের মধ্য থেকে মহিউদ্দিন বাচ্চুকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নিল আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

মনোনয়ন লাভের পর প্রতিক্রিয়ায় মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘আমাকে মূল্যায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে সব সময় মাঠে ছিলাম, জনগণের পাশে ছিলাম। ভবিষ্যতেও থাকব।’

সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন গত ৮ জুন সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ৪ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিন এবং ৩০ জুলাই উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।