ঢাকার সাভারে একটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ার পর পেছন থেকে আসা আরেকটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাজ্জাক প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে গত রবিবার সন্ধ্যা থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় তিন নারী, এক শিশুসহ সাতজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কজন।
সাভারের ঘটনায় নিহতের নাম পিয়াস খান (২৮)। তিনি সাভারের পশ্চিম রাজাশন ডেল্টার মোড় এলাকার মৃত আবদুল আজিজ মিয়ার ছেলে। জানা গেছে, দুপুরে পিয়াস খান তার দুলাভাইকে একটি চাবি দেওয়ার জন্য রাজ্জাক প্লাজার সামনে সার্ভিস লেন অতিক্রম করে মূল লাইনের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে সেখানে দাঁড়িয়ে থাকা সেলফি পরিবহনের একটি বাস হঠাৎ ধাক্কা দিলে সড়কে পড়ে যান পিয়াস। এ সময় পাশে থাকা সোলেমান পরিবহনের একটি বাস পেটের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান পিয়াস। তখন আশপাশের লোকজন ধাওয়া করে সেলফি পরিবহনের বাসটি ও এর চালক আলী আকবরকে আটক করে। এ ছাড়া সোলেমান পরিবহনের বাসটি আটকানো সম্ভব হলেও চালক পালিয়ে যান।
মিরসরাইয়ে প্রাণ গেল দুই নারীর : চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ছালেহা বেগম (৬০) ও লায়লা বেগম সুরমা (৫৫) নামে দুই নারী নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সামনে এবং গত রবিবার সন্ধ্যায় উপজেলার চৈতন্যেরহাট এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ছালেহা বেগম (৬০) উপজেলার করেরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম জোয়ার এলাকার ফয়েজ ভূঁইয়া বাড়ির মৃত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের স্ত্রী। আর লায়লা বেগম সুরমা (৫৫) কাটাছরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেমুহানী এলাকার বাদশা মিস্ত্রি বাড়ির কাতার প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী।
উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ উল্ল্যাহ জানান, গতকাল সকালে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন ছালেহা বেগম। এ সময় মহাসড়কের হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সামনে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অন্যদিকে উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাহেদুল ইসলাম জানান, গত রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হন লায়লা বেগম সুরমা। পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন।
রামগড়ে ট্রাকচাপায় যুবক নিহত : খাগড়াছড়ির রামগড়ে সিমেন্ট কোম্পানির ট্রাকচাপায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৩টায় রামগড় প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম রামগড়ের কালাডেবার সোনাইআগা এলাকার মীর হোসেনের ছেলে।
জানা গেছে, ভগ্নিপতির মোটরসাইকেল চালিয়ে সোনাইপুল যাচ্ছিলেন জাহিদুল। রামগড়-বারইয়ারহাট সড়কের ২০ ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে পৌঁছালে সড়কের মাঝখানে গর্তে পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় সামনে থেকে আসা কনফিডেন্স সিমেন্ট কোম্পানির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নড়াইলে শিশু ও নববধূ নিহত : নড়াইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নববধূ নিহত হয়েছেন। পাঁচ ঘণ্টার ব্যবধানে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় দুটি দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল বিকেল ৫টার দিকে সদর উপজেলার আগদিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতুল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। অন্যদিকে লোহাগড়া উপজেলার সারোল বৌবাজার এলাকায় ব্যাটারিচালিত ইজিভ্যান দুর্ঘটনায় নববধূ তাহেরা খানম (১৯) নিহত হন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহেরা লোহাগড়ার লক্ষ্মীপাশা ইউনিয়নের নাওরা গ্রামের কামরুল সিকদারের মেয়ে।
মুন্সীগঞ্জে মোটরসাইকেলের চালক নিহত : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে আরোহী নিহত ও চালক আহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিনা মিয়া (১৯) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের রোমান মিয়ার ছেলে। আহত অবস্থায় বাইকচালক মো. আশিককে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত : বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া চৌমুহনী বাজারের অদূরে গতকাল সকালে বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন (৩২) নামে ব্যাটারিচালিত এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলোহালী গ্রামের মুনছুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে বগুড়ামুখী একটি বাস চৌমুহনী বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি ভটভটির মুখোমুখি হয়। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে চৌমুহনী-চাঁপাপুর রাস্তার দিকে ঢুকে যায়। এ সময় বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ ভ্যানে বসে থাকা মোফাজ্জলকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। তখন বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি