সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। বাকস্বাধীনতার নামে এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র আল ইত্তিহাদকে দেওয়া এক সাক্ষাৎকারে কোরআন অবমাননার ঘটনা নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন পোপ। গতকাল সোমবার সেটি প্রকাশিত হয়েছে আল ইত্তিহাদে।
গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ান দুই ব্যক্তি। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। সে বিষয়ে বলতে গিয়ে সাক্ষাৎকারে পোপ বলেন, পবিত্র বলে বিবেচিত যেকোনো গ্রন্থকে সম্মান করা উচিত। পোপ বলেন, আমি এই কর্মকাণ্ডে রাগান্বিত ও বিরক্তবোধ করছি। বাকস্বাধীনতা মানে এই নয় যে, অন্যদের মনে ঘৃণা সৃষ্টি হবে এমন কাজ করা যাবে। এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাখ্যান ও নিন্দা করা উচিত। ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান এ ধর্মগুরু আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো প্রতিটি মানুষের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানানো এবং সবার প্রতি সহযোগিতা ও ভ্রাতৃত্বসুলভ আচরণ করা।’
সুইডেনের আদালত বলেছে, তারা (কোরআন অবমাননাকারীরা) বাকস্বাধীনতা লঙ্ঘন করেছে। সুইডিশ পুলিশও কোরআনবিরোধী বিক্ষোভ করার বেশ কটি আবেদন প্রত্যাখ্যান করেছে।
এদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরান এ ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে। এ ছাড়া নিন্দা ও প্রতিবাদ চলছে আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোতে। কোরআন পোড়ানোর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ, মিসর, ইরাক, জর্ডান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ফিলিস্তিন।