ধর্ষণ করে ৫০ হাজার টাকা নিলেন আ.লীগ নেতা

মৌলভীবাজারের কুলাউড়ায় এক নারীকে (৩২) দলবদ্ধ ধর্ষণের পর স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ছালিক বক্স ও তার দুই সহযোগী। এ ঘটনায় গত সোমবার ওই নারী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে গত ২৯ জুন ঈদের দিন রাতে হাজীপুরের পাইকপাড়া বাজার এলাকায় ধর্ষণের শিকার হন ওই নারী। তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

অভিযোগ রয়েছে, ধর্ষণের স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। পরে ৫০ হাজার টাকা দেন ওই নারীর আত্মীয়। ছালিক বক্স উপজেলার হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তার দুই সহযোগী হাসানুল বারী সানী ও সাইফুর রহমান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন মৌলভীবাজার শহরের এক নারী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বাড়িতে ওই নারীকে রেখে ব্যবসায়ী আত্মীয় বাজারে তার দোকানে যান। রাতে ওই নারী বাসায় একা থাকার সুযোগ নিয়ে ছালিক বক্স সহযোগীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করেন। এতে সাইফুর রহমান সহায়তা করেন।

কুলাউড়া থানার ওসি আবদুছ ছালেক জানান, মামলার পরপরই আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।