রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দ্বিতীয় অংশের টেস্ট রান হবে শুক্রবার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেল ৪টায় আগারগাঁও স্টেশনে এ টেস্ট রানের উদ্বোধন করবেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব এক খুদে বার্তায় এ তথ্য জানান।
গত বুধবার মধ্যরাতে আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চালিয়ে দেখা হয়। সাধারণত টেস্ট রানের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে প্রস্তুতিমূলকভাবে ট্রেন চালিয়ে দেখা হয়। বুধবার পর্যন্ত ওই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ডিএমটিসিএল সূত্রে আরও জানা যায়, গত বছরের ২৮ ডিসেম্বরে মেট্রোরেল বা এমআরটি-৬-এর উত্তরা-আগারগাঁও রুটে ট্রেন চলাচল শুরু হয়। আর দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে অক্টোবর নাগাদ যাত্রী পরিবহনের লক্ষ্য রয়েছে। আগারগাঁও-মতিঝিল অংশে টেস্ট রান সফল হলে শুরু হবে ট্রায়াল রান। এরপরই অক্টোবর থেকে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করতে শুরু করবে এই ট্রেন।
এমআরটি-৬ লাইনের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশন ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছিল। সেই পদ্ধতি অনুসরণ করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ক্ষেত্রেও। আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো স্টেশন সাতটি। সেগুলোর মধ্যে রয়েছে, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন-ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল।