ত্রিমুখী যানের সংঘর্ষ বাবা-ছেলে নিহত

রংপুরের পীরগঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়কে আরও পাঁচজনের প্রাণ গেছে। এর মধ্যে সাভারে বাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ড ভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাতনামা গাড়ির চাপায় একজন নিহত হয়েছেন। নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় ট্রাক্টরচালক ও গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত দুর্ঘটনাগুলো ঘটে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

রংপুরের ত্রিমুখী যানের সংঘর্ষে বাবা-ছেলে নিহত : রংপুরে দুর্ঘটনায় নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের আলামিন মিয়া (৪১) ও তার ছেলে মাহিন (৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার বোর্ডের ঘর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের সঙ্গে ট্রাক ও অপর একটি বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এনা পরিবহনে থাকা বাবা-ছেলে নিহত হন। এ ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ৩০ জন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়দরগাহ হাইওয়ে থানার এসআই (দায়িত্বপ্রাপ্ত) মজিবুর রহমান।

সাভারে বাসের ধাক্কায় পথচারী নিহত : সাভারে যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকা একটি বাসকে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিয়েছে আরেকটি বাস। এ সময় দাঁড়িয়ে থাকা বাসটি ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় এবং বাসটির চাপায় ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। গতকাল সকালে উপজেলার বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম গণেশ চন্দ্র দাশ (৫০)। তিনি সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মৌমেল চন্দ্র দাশের ছেলে।

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ধনবাড়ীতে কাভার্ড ভ্যান খাদে পড়ে চালক নিহত : টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইমদাদুল হাসান নামের চালক নিহত হয়েছেন। গতকাল সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার নল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাগুরা জেলার শ্রীপুর থানার নোহাটা গ্রামের বাসিন্দা ইমদাদুল। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করে।

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় রিপন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, শনিবার ভোরে কয়েকজন পথশিশু রক্তাক্ত অবস্থায় রিপনকে হাসপাতালে নিয়ে আসে। ওই পথশিশুরা জানিয়েছিল, শনির আখড়া এলাকায় কোনো গাড়ির ধাক্কায় রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তি। রিপনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার ডিক্রিরচর গ্রামে। বর্তমানে কাজলা নয়ানগর এলাকায় থাকতেন।

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২ : গতকাল দুপুরে নীলফামারী জেলার জলঢাকা-ডালিয়া মহাসড়কের আলহাজ মিজানুর রহমান চৌধুরী কৃষি কলেজের সামনে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ওই ভ্যানের যাত্রী গৃহবধূ জয়ন্তী রানী (৫০) ঘটনাস্থলে নিহত হন। তিনি জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী এলাকার মন্থেরডাঙ্গা গ্রামের প্রফুল্ল চন্দ্র রায়ের স্ত্রী।

অপরদিকে চাকা পরিবর্তনের সময় বালুবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ট্রাক্টরচালক হামিদুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের জলঢাকা মহাসড়কের মাগুরা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। হামিদুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার ধনতলা গ্রামের বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জলঢাকা থানার ওসি মোক্তারুল আলম ও কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায়।