দেশে প্রযুক্তি ব্যবহারে পুরুষদের তুলনায় কিছুটা পিছিয়ে আছেন নারীরা। তবে এ ছাড়া গ্রাম ও শহরের ব্যবধান অনেক। শহরের তুলনায় গ্রাম এলাকার মানুষ প্রযুক্তি ব্যবহারে এখনো অনেক পিছিয়ে আছে। দেশের পাঁচ বছরের বেশি বয়সী শিশুরা এর আওতায় রয়েছে।
গতকাল রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত আইসিটি নিয়ে ‘ব্যক্তি ও খানাপর্যায়ে আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বেতার প্রায় হারিয়ে যেতে বসলেও দেশের কিছুসংখ্যক মানুষ রেডিও শোনার ঐতিহ্য ধরে রেখেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগে দেশের চার ভাগের তিন ভাগ পরিবার ঘরে টেলিভিশন দেখে।
জরিপ থেকে দেখা যায়, কম্পিউটার আছে এমন খানার (পরিবার) হার ৮ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে গ্রাম এলাকায় ৩ দশমিক ১ শতাংশ এবং শহরে ২৫ দশমিক ৬ শতাংশ পরিবারে কম্পিউটার রয়েছে। বাংলাদেশের মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ পরিবারে ফিক্সড লাইন টেলিফোন সংযোগ রয়েছে, যেখানে গ্রাম এলাকায় শূন্য দশমিক ৩ শতাংশ এবং শহরে ২ দশমিক ৩ শতাংশ।
জরিপ প্রতিবেদন বলছে, দেশের ৩৮ দশমিক ১ শতাংশ পরিবার পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহার করে। তবে গ্রাম ও শহরের মধ্যে ব্যবহারের তফাত অনেক। পরিবারে ইন্টারনেট সংযোগ রয়েছে গ্রামে এমন পরিবারের হার ২১ দশমিক ৭ শতাংশ। অথচ শহরে এ হার প্রায় তিন গুণ, ৬৩ দশমিক ৪ শতাংশ।
জরিপ বলছে, গ্রামে ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে নারীদের তুলনায় পুরুষরা এগিয়ে। এতে বলা হয়েছে, গ্রামে মাত্র ২৩ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন। গ্রাম এলাকার পুরুষদের মধ্যে ৩৬ দশমিক ৬ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন।
ইন্টারনেট ব্যবহারের দিক থেকে শহরেও একই চিত্র দেখা গেছে। শহর এলাকাও এ হারে নারীদের তুলনায় পুরুষরা এগিয়ে। দেশের শহর এলাকাগুলোর ৭১ দশমিক ৩০ শতাংশ পুরুষ ইন্টারনেট ব্যবহার করেন। যেখানে শহরের ৬২ দশমিক ৪ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন।
গ্রাম এলাকাগুলোতে এখনো কম্পিউটার ব্যবহারের দিক থেকে পিছিয়ে আছে। গ্রাম এলাকায় কম্পিউটার ব্যবহারের দিক থেকেও পিছিয়ে আছেন নারীরা। গ্রামের ৫ শতাংশ পুরুষ কম্পিউটার ব্যবহার করেন, যেখানে নারীরা মাত্র ২ দশমিক ৭ শতাংশ। শহরগুলোতেও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে নারীরা পিছিয়ে। শহর অঞ্চলে ২৩ দশমিক ৮ শতাংশ পুরুষ কম্পিউটার ব্যবহার করেন ও নারী ১৩ দশমিক ১ শতাংশ।
তবে মোবাইল ফোন ব্যবহারের দিক থেকে নারী ও পুরুষ প্রায় সমানে সমান। গ্রামের ৮৯ দশমিক ৭ শতাংশ পুরুষ মোবাইল ব্যবহার করেন, এ ক্ষেত্রে প্রায় সমান নারীরা, ৮৯ দশমিক ৬ শতাংশ। শহর এলাকায় অবশ্য পুরুষরা মোবাইল ব্যবহারে কিছুটা পিছিয়ে। শহরের ৯০ দশমিক ৬ শতাংশ পুরুষ মোবাইল ফোন ব্যবহার করেন, যেখানে ও নারী ৯১ দশমিক ২ শতাংশ। সামগ্রিকভাবে, বাংলাদেশে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে নারীরা পিছিয়ে আছেন।
রেডিও শোনার হার এখনো শহরেই বেশি। শহর এলাকায় এখন এফএম রেডিও শোনা যায়। গ্রামে শুধু বাংলাদেশ বেতার ছাড়া অন্য কোনো চ্যানেল স্পষ্টভাবে শোনা যায় না। জরিপ বলছে, দেশে ১২ দশমিক ৮ শতাংশ পরিবারে রেডিও আছে। এর মধ্যে গ্রাম এলাকায় ৮ দশমিক ৫ শতাংশ এবং শহরে ২৫ দশমিক ৬ শতাংশ।
জরিপে উঠে এসেছে, দেশের ৬২ শতাংশ পরিবারে টিভি রয়েছে। এ ক্ষেত্রেও গ্রাম এলাকার পরিবারগুলো পিছিয়ে। গ্রামের ৫৬ দশমিক ৮ শতাংশ পরিবারে টিভি রয়েছে, যেখানে শহর এলাকার এমন পরিবার ৭৭ দশমিক ৫ শতাংশ। পরিবারে অন্তত একটি টেলিভিশন রয়েছে, যা ওই পরিবারের মালিকানাধীন।
দেশের কম্পিউটার যুগের উত্থান খুব বেশি হয়নি বলে উঠে এসেছে জরিপে। ব্যক্তিপর্যায়ের এ জরিপে দেখা গেছে, পাঁচ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের হার মাত্র ৭ দশমিক ৪ শতাংশ। যেখানে একই বয়সীদের ইন্টারনেট ব্যবহারের হার ৩৮ দশমিক ৯ শতাংশ।
এদিকে, ব্যক্তিপর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারীর অনুপাত ৮৯ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ দেশের ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে।