ধর্ষণের মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একই সঙ্গে ধর্ষণের শিকার নারীর জন্ম নেওয়া শিশুর ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২১ আগস্ট ধার্য করেছে আদালত।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সারওয়ার হোসেন বাপ্পি আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, গত মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ বড় মনিকে জামিনের আদেশ দিয়ে রুল দেয়। আদালত এ আদেশ স্থগিত করে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছে।
এ মামলায় গত ১৮ এপ্রিল বড় মনি ও তার স্ত্রী নিগার আফতাবকে হাইকোর্টের দেওয়া আগাম ৩০ এপ্রিল স্থগিতের আদেশ দিয়ে দুজনকে টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় চেম্বার আদালত। ১৫ মে তারা আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানো আদেশ দেয়। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই বড় মনি জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব।
গত ৫ এপ্রিল টাঙ্গাইলের এক কিশোরী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে এ মামলা করেন। অভিযোগে বলা হয়, কিশোরীর ভাইয়ের সঙ্গে জমি নিয়ে সমস্যার সমাধানের কথা বলে বড় মনি গত বছরের ১৭ ডিসেম্বর কিশোরীকে শহরের আদালত পাড়ায় নিজের বাড়ির পাশে একটি ১০তলা ভবনের চতুর্থতলার ফ্ল্যাটে যেতে বলেন। সেখানে গেলে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। গত ৩০ জুন ভুক্তভোগীর সন্তানের জন্ম হয়।