বুড়িগঙ্গায় ডুবল ওয়াটার বাস

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি ওয়াটার বাস ডুবে গেছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত ১টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উদ্ধারকারীরা ওয়াটার বাসটির তিন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ডুবে যাওয়ার সময় ওয়াটার বাসটিতে অন্তত অর্ধশত যাত্রী ছিল বলে জানা গেছে। যাদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

বিআইডব্লিউটিসির মালিকানাধীন ওয়াটার বাসটি সদরঘাট থেকে কেরানীগঞ্জে যাত্রী পারাপারে নিয়োজিত ছিল।

প্রত্যক্ষদর্শী ও ওয়াটার বাসটির কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ওয়াটার বাসটি শ্যামবাজার ঘাট থেকে কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। গতকালের শেষ ট্রিপ হওয়ায় স্বাভাবিকের চেয়ে যাত্রী বেশি ছিল। ওপরে-নিচে মিলে ৬০-৭০ জনের মতো যাত্রী ছিল। মাঝনদী বরাবর এলে এমভি আরাবী নামে একটি বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাসটি ডুবে যায়। খবর পেয়ে দুর্ঘটনার কিছু সময় পরেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ওয়াটার বাসটির যাত্রী মো. ইউসুফ দেশ রূপান্তরকে বলেন, ‘আমি কেরানীগঞ্জে যাওয়াার জন্য ওয়াটার বাসে উঠেছিলাম। ভেতরে জায়গা না পেয়ে ছাদে উঠেছিলাম। বাল্কহেডের ধাক্কায় বাসটি ডুবে গেলে আশপাশের নৌকার মাঝিরা অনেককে উদ্ধার করেন। বাসটির নিচের অংশে থাকা বেশিরভাগ যাত্রীই ডুবে গেছেন।’

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সদরের একটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। নিখোঁজদের মধ্যে সাতজনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে চারজন জীবিত, দুজন অচেতন ও একজন মৃত। জানা গেছে, তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলো আলিফ নামে ১৪ বছরের এক শিশু এবং ঢাকার দোহারের জয়পাড়ার সবুজ মিয়ার ছেলে ফাহিম (২৫)। লাশ উদ্ধার হওয়া ৫০ বছর বয়সী এক পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সদরঘাট নৌ-থানার এসআই রেজাউল ইসলাম বলেন, ‘ওয়াটার বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। বেঁচে যাওয়া যাত্রীদের ভাষ্যমতে ৩০ থেকে ৩৫ জন নিখোঁজ রয়েছে। রাত ৯টায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বাল্কহেডটি আটক করা হয়েছে।’

উদ্ধারকারী জাহাজ অগ্রদূত ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।