আজ ও আগামীকাল দেশের চিকিৎসকরা তাদের ব্যক্তিগত চেম্বারে বসবেন না এবং একই সময় তারা কোনো ধরনের অস্ত্রোপচার করবেন না। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক ডা. মুনা ও ডা. শাহজাদীর মুক্তি এবং সহযোগী অধ্যাপক ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ তুলে নেওয়ার দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোলজিক্যাল সোসাইটির (ওজিএসবি) যৌথ কর্মসূচির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। এ ব্যাপারে ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান দেশ রূপান্তরকে বলেন, আমাদের কর্মসূচি ঠিক আছে। আজ ও আগামীকাল প্রাইভেট চেম্বার বন্ধ থাকবে। সব ধরনের সরকারি ও বেসরকারি চিকিৎসকরা একযোগে তাদের চেম্বার বন্ধ রাখবেন। বিকেলে তারা কোনো রোগী দেখবেন না। অস্ত্রোপচারও হবে না।
গতকাল রবিবার দেশের প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করেন চিকিৎসকরা। এর অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় হাসপাতালের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, কনসালট্যান্ট ও বিভিন্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।