দেশের আকাশে কোথাও গতকাল মঙ্গলবার ১৪৪৫ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে আজ বুধবার জিলহজ মাস ৩০ দিনে পূর্ণ হবে। আগামীকাল ২০ জুলাই (বৃহস্পতিবার) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। এ হিসেবে আসছে ২৯ জুলাই (শনিবার) পবিত্র আশুরা পালিত হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।