সিলেটে পর্যটকবাহী মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ সাতজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সুন্দ্রাগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি মানিকগঞ্জ থেকে আসা পর্যটকদের নিয়ে কোম্পানীগঞ্জের সাদাপাথরে যাচ্ছিল। হঠাৎ মাইক্রোবাসের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক এবং সিএনজি অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন।
এদিন গাজীপুরের কালিয়াকৈর, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। উল্লিখিত দুর্ঘটনায় ১০ জনের বেশি আহত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত
সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা শ্যামল বণিকের বরাতে তিনি জানান, নিহতরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন (৩০) ও গয়াব আলীর ছেলে জালাল মিয়া (৪৫), পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে স্কুলশিক্ষক মাওলানা কাজী আমির উদ্দিন (৪২), উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মো. ইদ্রিস আলী (৪০) ও উত্তর টুকেরগাঁওয়ের রিতা আক্তার (১৮), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলি গ্রামের একাব্বর আলী (৬৫) ও ঢাকার পশ্চিম রায়েরবাজার এলাকার তাহের আলী (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থেকে মাইক্রোবাসে করে সপরিবারে সিলেটে বেড়াতে এসেছিলেন আরিফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন পরিবারের তিনজন। এ ছাড়া ওই মাইক্রোবাসে মানিকগঞ্জের আরও ১০ জন ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোরে সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছে তারা ফজরের নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করেন। সেখান থেকে ভোলাগঞ্জের সাদাপাথরে যাওয়ার জন্য রওনা দেন। পথে চাকা ফেটে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। তখন বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি ছিটকে রাস্তার পাশের খালে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার চালক এবং এক নারীসহ চার যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।
আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, মাইক্রোবাসে থাকা সবাই ঘুমিয়েছিলেন। চলন্ত মাইক্রোবাসে হঠাৎ বিকট শব্দ শুনতে পান, মুহূর্তের মধ্যে বুঝতে পারেন তারা সড়কের পাশের খালের পানিতে পড়ে আছেন। তিনি ও অন্যরা পানি থেকে মাইক্রোবাসের যাত্রীদের উদ্ধার করেন। আশপাশের লোকজনও তাদের উদ্ধারে সহযোগিতা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। পানি থেকে উঠে তিনি সড়কের পাশে সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের লাশ দেখতে পান। দুর্ঘটনায় তার ভাই সোলেমান, আট বছর বয়সী ভাতিজা ও পাঁচ বছর বয়সী মেয়ে আহত হয়েছেন। তাদের ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ঘটনাস্থল থেকে হাসপাতালে আনার আগেই ছয়জন মারা গেছেন। আর পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। এর মধ্যে হাসপাতালে একজন মারা গেছেন। চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি জানান, গত বুধবার গভীর রাতে অটোরিকশা ও মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত রাজিমুন শেখ যশোরের খানজাহান আলী থানার রানাগাতি জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি স্থানীয় ইকোনীটস লিমিটেড কারখানার ডিস্ট্রিবিউটর ছিলেন।
পুলিশ জানায়, রাজিমুন দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় বাসাভাড়া থেকে স্থানীয় ইকোনীটস লিমিটেড কারখানায় কাজ করতেন। গত বুধবার রাতের ডিউটি শেষে অটোরিকশায় করে কারখানা থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় রাজিমুন ছাড়াও রাকিব হোসেন ও কামরুল গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক রাজিমুনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহত অন্য দুজনকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, ভোমরা স্থলবন্দর এলাকায় ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, গতকাল দুপুরে মালামাল আনলোড করা একটি ট্রাকের চাপায় রাজ (১৭) নামে ওই শ্রমিকের নিহত হন। তিনি যশোরের রুমঝুমপুরের রাজা আলীর ছেলে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হোসেন (১৯) নামে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান বাবুর মিয়ার ছেলে।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হান্নান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ে মাদ্রাসাছাত্রী মিম আক্তার (১২)। গতকাল দুপুর ১টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল ইউটার্ন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত হান্নান স্বজন সাদ্দাম হোসেন জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায়। মিম এলাকায় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়ে। যাত্রাবাড়ী থানার এএসআই মো. ইমরান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।