খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে আগামী রবিবার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। এ ছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক হবে সরকারপ্রধানের।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ইতালির সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৪-২৬ জুলাই ইতালির রোমে এফএওর আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ ফোরামে যোগ দেবেন। সফর শেষে আগামী ২৬ জুলাই শেখ হাসিনা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

ড. মোমেন বলেন, ২৪ জুলাই প্রধানমন্ত্রী এফএওর সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে। ইতালিতে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার বিষয়টি আলোচনায় আমরা তুলে ধরব। ড. মোমেন জানান, কৃষিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৪ জুলাই রোমে ইউরোপে নিযুক্ত বাংলাদেশের দূতদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এতে ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলন’-এ অংশ নেবেন।

দূতদের প্রধানমন্ত্রী কী বার্তা দেবেন এমন প্রশ্নে ড. মোমেন বলেন, এটা রুটিন ওয়ার্ক। প্রধানমন্ত্রী তাদের দিকনির্দেশনা দেবেন। তারাও তাদের ডে টু যে কাজের বর্ণনা দেবেন, সমস্যার কথা বলবেন। এর আগে আমরা সবাইকে নিয়ে ঢাকায় বৈঠক করতাম। কিন্তু সবাইকে একসঙ্গে করতে গেলে কিছু ঝামেলা হয়। তাই প্রধানমন্ত্রী কোনো দেশ সফরে গেলে দূতদের নিয়ে ডায়ালগে বসেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, এই বৈঠকে আগামী নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী দূতদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ইতালির সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতেই চাই। এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হবে। আরেক প্রশ্নে সচিব বলেন, ইতালির সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আমরা আগ্রহী। এ নিয়ে আমাদের সঙ্গে আলোচন চলছে। আমরা নিজেদের সেফগার্ড রেখেই এ বিষয়ে সহযোগিতা বাড়াতে চাই। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন উপস্থিত ছিলেন।