ঠিকানা ভুলে বর নিয়ে জমিতে হেলিকপ্টার

হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গিয়ে ঠিকানা হারিয়ে পতিত জমিতে জরুরি অবতরণ করেছে বরসহ একটি হেলিকপ্টার। গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুরের পৌরসভার ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে হেলিকপ্টারটি অবতরণ করে। হোসেনপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজবাহ উদ্দীন মানিক হেলিকপ্টার অবতরণের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে হেলিকপ্টারে চড়ে এক যুবক হোসেনপুর উপজেলার চরকাটিহার গ্রামে বিয়ে করতে রওনা হন। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামের পতিত জমিতে অবতরণ করে। হেলিকপ্টারটিতে বরসহ চারজন যাত্রী ছিল। সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অবস্থান করার পরে আবার সঠিক ঠিকানায় উড়াল দেয় হেলিকপ্টারটি।

ধূলজুরী গ্রামের এক বাসিন্দা বলেন, ‘হেলিকপ্টারটি ভুল করে এখানে এসে পড়ে। প্রথমে আমরা আতঙ্কিত ও ভয় পেয়ে গিয়েছিলাম। পরে গিয়ে দেখতে পেলাম এটার ভেতর বরযাত্রী।’