দেখতে দেখতে বিবাহবার্ষিকীর দুই যুগ পার করে ফেললেন তারকা দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। তাদেরকে বাংলাদেশের সফল ও সুখী দম্পতি হিসেবে আখ্যায়িত করে থাকেন অনেকে।
নব্বইয়ের দশকে টিভি নাটকের অন্যতম সেরা জুটি ছিলেন তৌকির-বিপাশা। সহশিল্পীর সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম, ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং এরপরে ১৯৯৯ সালের আজকের এই দিনে (২৩ জুলাই) বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দীর্ঘদিনের সংসার যাপনে তারা দুই সন্তানের জনক-জননী।
তৌকির আহমেদ বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক অর্জন করেন। তবে অভিনয়ের প্রতি আলাদা ভালো লাগা কাজ করায় পড়াশুনা করেছেন অভিনয় আর চলচ্চিত্র নিয়েও। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও সুখ্যাতি রয়েছে তার।
অন্যদিকে জনপ্রিয় অভিনেতা আবুল হায়াতের পথ অনুসরণ করে অভিনয় জগতে পা রাখেন কন্যা বিপাশা হায়াত। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি টান অনুভব করায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করেন গুণী এ অভিনেত্রী। কাজ করেছেন অসংখ্য নাটকে। তবে এখন অভিনয়ে অনেকটাই অনিয়মিত।