অনুপস্থিত ৩৪ শিক্ষককে শোকজ

ছুটি না নিয়ে স্কুলে অনুপস্থিত থাকায় ৩৪ জন শিক্ষককে শোকজ (কারণ দর্শানো নোটিস) নোটিস দেওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এসএম জিয়াউল হক হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুন মাসে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল মনিটরিং সিস্টেমের আওতায় মাধ্যমিকের মাঠপর্যায়ের কর্মকর্তারা পূর্বঘোষণা ছাড়াই পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩৪ জন শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়নি। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপস্থিত না থাকার স্পষ্ট কারণ মাউশিতে জানাতে হবে।

শোকজ পাওয়া শিক্ষকদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন রংপুর অঞ্চলের শিক্ষকরা। এ অঞ্চলের ১০ শিক্ষক অনুপস্থিত ছিলেন। এরপর রাজশাহীর সাত, খুলনা অঞ্চলের পাঁচ, ঢাকা অঞ্চলের চার, ময়মনসিংহ অঞ্চলের তিন, কুমিল্লা অঞ্চলের দুই, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলের একজন রয়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল তারা ১৩তম দিনের মতো কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচিতে আসা শিক্ষকরাই স্কুলে অনুপস্থিত রয়েছেন।

এদিকে আন্দোলনের ১৩তম দিনে গতকাল দুপুরে কর্মসূচি স্থলে গিয়ে দেখা যায়, আগের চেয়ে শিক্ষকের সংখ্যা অনেক কমেছে। অনেকেই ঢাকা ছেড়েছেন। তবে যারা উপস্থিত আছেন তারা তাদের দাবির সপক্ষে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।