গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছেন র্যাবের গোয়েন্দারা।
গতকাল সোমবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কামান্ডার মঈন বলেন, ‘কেএনএফের ভেরিফায়েড পেজে সংশ্লিষ্ট ব্যক্তিকে (নুরুল হক নুর) নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কেএনএফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এসেছে। কেএনএফের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না বা সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দারা কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের কাজ আমাদের গোয়েন্দারা করছেন। যাচাই-বাছাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কেএনফের ভেরিফায়েড পেজে সেখানে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সে ক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে।’