শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হলে দায়ভার বিএনপির : কাদের

আন্দোলনের নামে কোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা মোকাবিলা করবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনোভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হলে এবং জননিরাপত্তার বিঘœ ঘটলে তার দায়ভার বিএনপিকে নিতে হবে।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দিয়েছেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘২০১৪ সালে নির্বাচন বানচালের জন্য বিএনপি অগ্নিসন্ত্রাসের মাধ্যমে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছিল। ৩ হাজার ৮০০ যানবাহন, ৫ শতাধিক স্কুল, ভূমি অফিস, মানুষের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল।’

বিএনপি ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে দলটিকে নির্বাচনের মাধ্যমে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি এ ধরনের সন্ত্রাসী কর্মকা-ের পুনরাবৃত্তি ঘটানোর চক্রান্ত করছে। তারা তথাকথিত আন্দোলনের নামে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভ-ুল করার পাঁয়তারা করছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়।’ তিনি দাবি করেন, ‘বিগত দিনগুলোতে নির্বাচন ও নির্বাচন-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করাই ছিল বিএনপির একমাত্র রাজনৈতিক এজেন্ডা। এ লক্ষ্যে তারা তাদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে লেলিয়ে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। একই সঙ্গে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উসকানি দিচ্ছে।’ নির্বাচন যত ঘনিয়ে আসবে বিএনপির সন্ত্রাসী অপতৎপরতা তত বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এ দেশের গণতন্ত্র নস্যাৎ করেছে। রাষ্ট্র পরিচালনার নামে দুর্নীতি ও দুঃশাসনের রাজত্ব কায়েম করেছিল। বিচার বিভাগকে দলীয় কার্যালয়ের আঙিনায় রূপান্তরিত করেছিল। সেই বিএনপির মুখে আজ গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের কথা ভূতের মুখে রাম নাম ছাড়া আর কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী বিএনপির নেতারা গণতন্ত্রের মুখোশ পরে জনগণের সামনে দাঁড়াচ্ছেন। মুখোশের আড়ালের মুখগুলোকে জনগণ ভালোভাবেই চেনে। তাই বিএনপির কোনো আহ্বানে জনগণ সাড়া দেয়নি এবং আগামীতেও তারা জনগণের কোনো সমর্থন পাবে না।’