ছাত্রাবাসে নিয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীকে পেটালেন ঢাবি শিক্ষার্থীরা

এক শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার ও শার্টের কলার টেনে ছিঁড়ে ফেলায় নিউমার্কেট এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ী নেয়ামতউল্লাহকে পিটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের একদল শিক্ষার্থী। তিনি নিউমার্কেট এলাকার রাইস কিং নামে একটি রেস্তোরাঁর মালিক।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় শাহনেওয়াজ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

তবে ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ওই শিক্ষার্থীর কাছে নগদ টাকা ছিল না, তাই তাকে বিকাশ থেকে সেন্ড মানি করতে বলেন। এরপর ওই শিক্ষার্থী বিল পরিশোধ করে হলে গিয়ে অন্যদের নিয়ে এসে তাকে ধরে ছাত্রাবাসে নিয়ে যান এবং মারধর করেন।

নিউ মার্কেটের কাঁচা বাজার সংলগ্ন এই ছাত্রাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের বর্ধিত ভবন হিসেবে পরিচিত। চারুকলা অনুষদের ছাত্ররা সেখানে থাকেন।

জানা যায়, ব্যবসায়ী নেয়ামতউল্লাহ কিছুটা বদমেজাজি। তিনি প্রায়ই আইয়ুব আলী কলোনি ও শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

মারধরের শিকার ব্যবসায়ী নেয়ামতউল্লাহ বলেন, বুধবার এক ছাত্র আমার রেস্তোরাঁয়া খাওয়ার পর বিকাশ থেকে টাকা তুলে এনে দেবেন বললে আমি বিকাশে সেন্ড মানি করতে বলি। বিল হিসেবে ৯০ টাকা সেন্ড মানি করে তিনি চলে যান। কিছুক্ষণ পর ছাত্ররা এসে আমাকে হলের ভেতর নিয়ে যান। আমাকে হলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। পরে একটি কক্ষে নিয়ে ২০-২৫ জন মিলে মারধর করেন। আমি তিনবার অজ্ঞান হয়ে যাই।

তিনি এ ঘটনায় মামলা করবেন বলে জানান। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।