অক্টোবরের শেষে সংসদ নির্বাচনের তফসিল : সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবরের শেষের দিকে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল বৃহস্পতিবার একটি গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

এর আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেপ্টেম্বরে তফসিল ঘোষণার কথা বলেছিলেন সিইসি। পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি ওই গণমাধ্যমকে বলেন, লম্বা ইন্টারভিউ তো। ওখানে জিজ্ঞেস করেছিল স্যার তফসিল কবে হতে পারে? ওটা আমি আন্দাজের ওপর অনুমান করে বলেছিলাম সেপ্টেম্বরের কোনো এক সময়ে হতে পারে। পরে হিসাব করে দেখলাম। সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা নেই। তাৎক্ষণিক অনুমান করে বলা। অনেক সময় হিসাবে ভুল হয়। এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। সিদ্ধান্ত হয়নি।

নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত হয়ে গেছে bজানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনটা কবে হবে। ওটা আমরা লিখিতভাবে জানিয়ে দিয়েছি আমাদের ওয়ার্ক প্ল্যানে। সেটা হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহ বা ডিসেম্বরের শেষ সপ্তাহ। সেটা আমাদের ঘোষণা আগে থেকেই দেওয়া আছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের আগে হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, এটা অক্টোবরের আগে হওয়ার সম্ভাবনা নেই। অনুমান করে বলেছিলাম। এটা অক্টোবরের শেষের দিকে হবে বলে আমার মনে হচ্ছে।

সিইসি আরও বলেন, আমি কিন্তু অথরিটি না। কমিশন অথরিটি। আমরা মিটিং করে সিদ্ধান্ত নেব কখন করব।