পররাষ্ট্রমন্ত্রী বললেন

যুক্তরাষ্ট্র ও কানাডা বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেয়নি

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে এখন পর্যন্ত ফেরত না দেওয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, এখনো বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন দেশে লুকিয়ে আছেন এবং আমরা দুটি কেসই জানি। একজন যুক্তরাষ্ট্রে আছেন, আরেকজন কানাডায় আছেন। বাকি তিনজনের খবর আমরা ঠিক জানি না। নানা অজুহাত দেখিয়ে তাদের ফেরত দেওয়া হচ্ছে না।

গতকাল মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আত্মস্বীকৃত খুনি, তারা ওই দুটি দেশে আছেন। আর ওইসব দেশ মানবিকতার কথা বলে, কিন্তু আত্মস্বীকৃত খুনিকে ওরা রেখে দিয়েছে। তাদের জন্য এটা লজ্জার।’

প্রসঙ্গত, দুই দফায় ছয়জনের ফাঁসি কার্যকর হলেও জাতির পিতার বাকি পাঁচ খুনি এখনো রয়েছেন অধরা। তারা হলেন আবদুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এ বি এম এইচ নূর চৌধুরী। এর মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং ‍নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। তাদের ফেরত পাঠাতে বারবার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

খুনিদের ফেরত পাঠানোর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে দুই খুনিকে ফেরত পাঠাতে বহুবার আলাপ হলেও তারা বিভিন্ন ধরনের বাহানা দিয়ে যাচ্ছে। কানাডার সঙ্গে বহু আলাপ হয়েছে। আমরা কোর্টে গিয়েও নূর চৌধুরী সম্পর্কে জানতে চেয়েছি, তথ্য দেয়নি। একটা না একটা বাহানা করে যাচ্ছে। এখন বড় বাহানা হচ্ছে যে আমরা আমাদের কোর্টে ওকে ফাঁসি দিয়েছি, ফাঁসির রায় রয়েছে। তবে, স্কোপও আছে। সে এখানে এসে প্রাণভিক্ষা চাইতে পারে। সেই সুযোগও আছে। কিন্তু কানাডা বলে, যেসব দেশে ফাঁসির আইন আছে, সেসব দেশে তারা পাঠাবে না।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে মোমেন বলেন, ‘আমেরিকার মতো দেশ যেখানে আইনের শাসন বলবৎ আছে, সে রকম একটা দেশ খুনিকে আশ্রয় দিয়ে রাখছে। সেখানে একটা বেআইনি লোককে আশ্রয় দিয়ে রাখছে, এটা দুঃখজনক।’