এবার ভোটের ফল পাল্টানোর ষড়যন্ত্রে অভিযুক্ত ট্রাম্প

আরও এক ফৌজদারি অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ২০২০ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে গত চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন রিপাবলিকান এ নেতা।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ। স্থানীয় সময় গত মঙ্গলবার তিনি ওয়াশিংটন ডিসিতে ৪৫ পাতার ওই অভিযোগপত্রটি দাখিল করেন।

সংবাদমাধ্যমটি বলছে, ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র, আলামত নষ্ট করা, একজন সাক্ষীর সঙ্গে কারসাজি ও জনগণের অধিকারের সঙ্গে প্রতারণা করার অভিযোগ।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার প্রেক্ষাপটে যে তদন্ত শুরু হয়েছিল, অভিযোগে গঠনের মধ্য দিয়ে তা এখন ট্রাম্পের বিচারের উদ্যোগে গড়াল। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার সমর্থকরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) হামলা চালান।

মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ‘নির্বাচনে পরাজিত হওয়ার পরও, পরাজিত প্রার্থী (ট্রাম্প) ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন। তাই ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দুই মাসের বেশি সময় পর তিনি এই বলে মিথ্যা ছড়িয়েছিলেন যে, নির্বাচনের ফলাফলে জালিয়াতি হয়েছে এবং প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন।

ট্রাম্পের বাকস্বাধীনতা রয়েছে উল্লেখ করে ৪৫ পাতার অভিযোগে বলা হয়েছে, তবে তিনি নির্বাচনের ফল উল্টে দেওয়ার জন্য বেআইনি পথ বেছে নিয়েছিলেন।

অভিযোগে ষড়যন্ত্রকারী হিসেবে আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে এ রুডি জুলিয়ানি বলে মনে করা হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ৩ আগস্ট ট্রাম্পকে ওয়াশিংটনের একটি আদালতে তলব করা হয়েছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অভিযুক্ত হওয়ার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। ট্রাম্প লিখেছিলেন, আমি জানতে পেরেছি, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য আপনাদের প্রিয় প্রেসিডেন্টের বিরুদ্ধে আরেকটি মিথ্যা অভিযোগ আনবেন জ্যাক স্মিথ।

ট্রুথ সোশ্যালে ওই পোস্টে অভিযোগ করে ট্রাম্প লেখেন, কেন তারা এটা আড়াই বছর আগেই করল না? কেন তারা এত দিন অপেক্ষা করল? কারণ, নির্বাচন ঘিরে আমার প্রচারণার মধ্যে তারা এটা করতে চেয়েছিল।

ইতিমধ্যেই আরও দুটি মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে রাষ্ট্রের গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার এবং অর্থ দিয়ে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার মামলায় অভিযুক্ত করা হয়েছিল তাকে। এতে করে চার মাসের মধ্যে তিনটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন তিনি।