সপ্তম মিনিটেই মেসির গোল

ইন্টার মায়ামির হয়ে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন লিওনেল মেসি।

লিগস কাপে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অরলান্ডো সিটির মুখোমুখি হয় মায়ামি। এ ম্যাচে সপ্তম মিনিটেই গোল আদায় করে নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্লাবটির হয়ে যা তার দ্রুততম গোল।

পিএসজি ছেড়ে চলতি মৌসুমে মায়ামিতে নাম লিখিয়েছেন মেসি। লিগস কাপেই ক্রুজ আজুলের বিপক্ষে তার নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হয়। সেই ম্যাচে যোগ করার সময়ে ট্রেড মার্ক ফ্রি কিকে গোল করে দলকে জয় উপহার দিয়েছিলেন। একই প্রতিযোগিতায় আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে করেন জোড়া গোল। এবার অরলান্ডোর বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচেও গোল পেলেন।

পঞ্চম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোলের সুযোগ তৈরি করেছিলেন মায়ামির জোসেফ মার্তিনেস। কিন্তু সফল হতে পারেননি। তবে দুই মিনিট পর মেসি নিজে আর সুযোগ হাতছাড়া করেননি। যে গোলে সহায়তা করেছেন রবার্ট টেইলর। আগের ম্যাচে আটলান্টার বিপক্ষে মেসির পাশাপাশি যিনিও জোড়া গোল করেন।

মেসির গোলটা চোখে লেগে থাকার মতোই। ডিবক্সের বাঁ প্রান্তের মুখে প্রতিপক্ষ তিন খেলোয়াড়াকে বোকা বানিয়ে রবার্ট টেইল দারুণ এক পাস বাড়ান মেসির উদ্দেশ্য। আর্জেন্টাইন ফরোয়ার্ড যেন বল আর টেলরের পায়ের ওপরই নজর রাখছিলেন। হাওয়া ভেসে আসতে থাকা বলের উপর নজর রেখে সামনে এগোলেন তড়িৎ গতিতে। প্রথমে বুক দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে বা পায়ের শটে তা জালে জড়ালেন।

গোলরক্ষরের কিছু করার তো ছিল না, অরলান্ডোর ডিফেন্ডাররা ছিল খুবই হতবাক। কোন ফাঁকে মেসি ডিবক্সের এতটা ভেতরে ঢুকে পড়েছেন, কিছুই যেন বুঝতে পারছিলেন না তারা।

তবে মেসি দলকে এগিয়ে নেওয়ার দশ মিনিট পরই ম্যাচে সমতা টানে অরলান্ডো। দলটির পক্ষে গোল করেন সিজার আরাউহো। খেলার প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোর লাইনে।

দ্বিতীয়ার্ধে জোসেফ মার্তিনেজ স্পট কিক থেকে গোল করলে ফের লিড নেয় মায়ামি। ৭২তম মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোল আদায় করলে দলটি এগিয়ে যায় ৩-১ গোলে। পরে এই ব্যবধান ধরেই রেখেই জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

মায়ামির জার্সিতে তিন ম্যাচেই মেসির গোল হয়ে গেল পাঁচটি।