মাঠের খেলায় তাদের দীর্ঘ দেড় দশকের তুমুল প্রতিদ্বন্দ্বিতা কিংবা গোল করার রেকর্ড নিয়ে বিশ্বজুড়ে চলে নিত্যনতুন আলোচনা। কিন্তু মাঠের সেই চিরপ্রতিদ্বন্দ্বিতাকে পেছনে ফেলে মানবিক ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ স্থাপন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
জীবনের সবচেয়ে বড় এক ব্যক্তিগত ট্র্যাজেডির মুখে পড়া লিওনেল মেসিকে দেওয়া পর্তুগিজ তারকার একটি সান্ত্বনার বার্তা এখন বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এবং একই সঙ্গে গড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক নতুন ইতিহাস।
প্রয়াত বাবা হোর্হে মেসিকে স্মরণে ইনস্টাগ্রামে তিন দিন আগে এক আবেগঘন এবং স্পর্শকাতর বার্তা শেয়ার করেছিলেন মেসি। তার সেই হৃদয়বিদারক পোস্টের নিচে রোনালদোর একটি ছোট্ট মন্তব্য সবার নজর কেড়ে নেয়। পর্তুগিজ ফরোয়ার্ড সেখানে কমেন্ট করেন, ‘এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারের জন্য রইল এক বুকভরা আলিঙ্গন, লিও। অনেক শক্তি কামনা করছি।’
এর মাত্র তিন দিনের মধ্যে ইনস্টাগ্রামে রেকর্ড গড়ে এই কমেন্টে ৬৫ লাখের বেশি লাইক পড়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমটির ইতিহাসে যেকোনো কমেন্টে সর্বকালের সর্বোচ্চ লাইকের নতুন রেকর্ড।
এই তালিকার আগের রেকর্ডটিও ছিল রোনালদোরই, যখন তিনি ২০২৪ সালে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সময় শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছিলেন, যা পরবর্তীতে ২০২৫ সালের শেষের দিকে এসে ৬০ লাখের বেশি লাইক ছাড়িয়েছিল।
মাঠের গোল বা ট্রফির লড়াই ছাপিয়ে দুই কিংবদন্তির এই ফুটবলীয় সৌহার্দ্য ও ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ আরও এক প্রমাণ করে দিল, প্রতিদ্বন্দ্বিতা কেবল মাঠেই সীমাবদ্ধ, বিপদের দিনে ফুটবলাররা একে অপরের সবচেয়ে বড় আশ্রয়।
স্বাগতিকদের ‘আন-অস্ট্রেলিয়ান’ ক্রিকেট, ফের পেস দাপট হাসানের