আর্জেন্টিনার রাস্তায় বিশেষ মুহূর্তে হৃত্বিক-সাবা

কিছুদিন আগে পর্যন্তও নিজেদের সম্পর্ক আড়ালেই রাখার চেষ্টা করতেন হৃত্বিক রোশন এবং সাবা আজাদ। তবে এখন আর তেমনটা নয়। নেই কোনও রাখঢাক। সম্প্রতি বিদেশে ছুটি কাটাচ্ছেন তারা। বিদেশে যুগলের ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝেই ফ্রেমবন্দি হয়। আর্জেন্টিনার রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটছেন, কখনও আবার কফি খেতে যাচ্ছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেদের একটি নিজস্বী পোস্ট করেছেন হৃত্বিক। যেখানে দেখা যাচ্ছে ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকে নায়ক। মাথায় টুপি। পরনে লম্বা কোট। পাশে বসে সাবা। খোলা লম্বা কোকঁড়ানো চুল। সঙ্গে মানানসই কালো বড় সোয়েটার। দু’জনে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। এমনই একটি ছবি পোস্ট করে হৃত্বিক লেখেন, “উইন্টার গার্ল”।

গত বছর ফেব্রুয়ারি মাসে প্রথম হৃত্বিক এবং সাবাকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। তার পর থেকেই তুঙ্গে তাদের প্রেম নিয়ে চর্চা। রোশন পরিবারের সঙ্গে ইতিমধ্যেই সময়ও কাটিয়েছেন সাবা। খবর, খুব শীঘ্রই নাকি সাবার সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন হৃত্বিক।