ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি ঘিরে সতর্কতা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগের আনুষ্ঠানিক শুনানি হবে ওয়াশিংটন ডিসি আদালতে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টায় তার আদালতে হাজির হওয়ার কথা। বিবিসি জানাচ্ছে, ট্রাম্পের এই হাজিরা ঘিরে নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় আদালত ভবনের বাইরে ধাতব বেষ্টনী দেওয়া হচ্ছে।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন ঘিরেও বেষ্টনী দেওয়া হচ্ছে। এই ক্যাপিটলেই ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্পের সমর্থকরা নির্বাচনী ফলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দাঙ্গা-হাঙ্গামা করেছিল। গতকাল প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্টদের সুরক্ষায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে ওয়াশিংটনের কেন্দ্রস্থলে কিছুক্ষণের জন্য ট্রাফিক জ্যাম হওয়ার বিষয়ে লোকজনকে সতর্ক করেছে। এর আগে গত বুধবার ৯১১-এ ক্যাপিটলে গুলির ঘটনার একটি ভুয়া কলের কারণে পুলিশ জরুরি ব্যবস্থা নেয় এবং তিনটি সেনেট অফিস ভবনও লকডাউন করা হয়। যেকোনো অপ্রীতিকর ঘটনার ব্যাপারে এবার পুলিশ বাহিনী সতর্ক আছে। ভালোভাবে প্রশিক্ষণ নিয়েছে এবং নিরাপত্তা রক্ষায় প্রস্তুত আছে বলে জানিয়েছেন ক্যাপিটল পুলিশপ্রধান।

৭৭ বছর বয়সী ট্রাম্প আদালতের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করবেন বলে ধারণা করা হচ্ছে। আদালতে দূর থেকে ভিডিওর মাধ্যমে হাজিরা দেওয়ার বিকল্প পথও তার আছে। তবে তিনি সশরীরেই আদালতে হাজির হবেন বলে মনে করা হচ্ছে। বিবিসি বলছে, হোয়াইট হাউজ ছাড়ার পর ট্রাম্প শুধু একবার ওয়াশিংটন ডিসি সফর করেছিলেন। তার আদালতে হাজিরা ঘিরে বুধবার সন্ধ্যা থেকেই ভবনের বাইরে মানুষের লাইন শুরু হয়েছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এ তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ। স্থানীয় সময় গত মঙ্গলবার তিনি ওয়াশিংটন ডিসিতে ৪৫ পাতার ওই অভিযোগপত্রটি দাখিল করেন। সংবাদমাধ্যমটি বলছে, ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র, আলামত নষ্ট করা, একজন সাক্ষীর সঙ্গে কারসাজি ও জনগণের অধিকারের সঙ্গে প্রতারণা করার অভিযোগ।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার প্রেক্ষাপটে যে তদন্ত শুরু হয়েছিল, অভিযোগে গঠনের মধ্য দিয়ে তা এখন ট্রাম্পের বিচারের উদ্যোগে গড়াল। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার সমর্থকরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) হামলা চালান।