ভোর চারটা নাগাদ জর্জিয়ার সাভানায় ‘ব্রাইড হার্ড’ ছবির শুটিং করছিলেন হলিউড অভিনেত্রী রেবেল উইলসন। এসময় স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হন অভিনেত্রী। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার মুখে সেলাই করতে হয়।
সোশ্যালে একটি ছবি শেয়ার করে রেবেল লিখেছেন, ‘এই ভাবে ছবির শুটিং শেষ করার কথা ভাবিনি।’
দুর্ঘটনায় আহত হয়ে মুখে তিনটি সেলাই পড়েছে রেবেলের। হাসপাতালে রাতও কাটাতে হয়েছে তাকে। সাইমন ওয়েস্ট পরিচালিত এই ছবিতে কাজ করছেন জেফ চেজও। ‘পিচ পারফেক্ট’ সিরিজের মাধ্যমে দর্শকের নজরে এসেছিলেন রেবেল।
২০১৯ সালে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘ইজন্ট ইট রোম্যান্টিক’ ছবিতেও দেখা গিয়েছিল রেবেলকে। ‘ব্রাইড হার্ড’ ছবিতে এক জন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রেবেল।