মোদি পদবি নিয়ে মানহানির মামলায় আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ড স্থগিত হওয়ার দুদিনের মধ্যেই এমপি পদ ফিরে পেলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট ওই শাস্তি স্থগিত করে। গতকাল সোমবার রাহুলকে লোকসভার সদস্যপদ ফিরিয়ে দেন স্পিকার ওম বিড়লা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, গতকাল সোমবার সকালে বিড়লার দপ্তর থেকে এ-সংক্রান্ত নির্দেশ জারি করার হয়। মণিপুর রাজ্যের চলমান সহিংসতা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য বিরোধী জোট ইনডিয়ার দাবিতে লোকসভার অধিবেশন যখন বারবার বিঘ্নিত হচ্ছে, তখনই রাহুল পার্লামেন্টে ফেরার সুযোগ পেলেন। এতে করে আজ মঙ্গলবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনবেন বিরোধীরা, তাতে রাহুল অন্যতম প্রধান বক্তা হিসেবে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
কেরালার ওয়েনাড থেকে নির্বাচিত এমপি রাহুল ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নীরব মোদি ও ললিত মোদির সঙ্গে নরেন্দ্র মোদির নামের মিল থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন। বলেছিলেন, ‘সব চোরের পদবি মোদি হয় কী করে?’ রাহুলের সেই মন্তব্যের জেরেই তার বিরুদ্ধে মানহানি মামলা করেন বিজেপি বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদি। চলতি বছর মার্চেই গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। এ সাজার কারণে তিনি চার মাস আগে লোকসভায়ও অযোগ্য ঘোষিত হন।
সাজায় স্থগিতাদেশ চেয়ে একের পর এক আদালতের দ্বারস্থ হচ্ছিলেন রাহুল। তার শেষ ভরসা ছিল সুপ্রিম কোর্ট। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তি পাওয়া রাহুল লোকসভার অধিবেশনে যোগ দিয়ে বিতর্কে অংশ নেওয়ারও সুযোগ পাচ্ছেন। গতকাল স্থানীয় সময় দুপুর ১২টায় চার মাস পর রাহুল লোকসভায় যান।