বিবৃতিতে কাদের

প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি নেতারা দিশেহারা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি প্রভুদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছেন। জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েও বিএনপি নেতারা দিশেহারা হয়ে এক এক সময় এক এক কথা বলছেন।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি লাগাতারভাবে মিছিল-মিটিং করে বিরোধী মত দমনের মিথ্যা অভিযোগ করছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিএনপি নেতারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তর চরম স্বেচ্ছাচারিতা ও মিথ্যাচারে পরিপূর্ণ। স্বৈরচারী আদর্শ ও সন্ত্রাসের ধারক-বাহক এবং উগ্র-সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি সবসময় গণতন্ত্রের পথকে ভয় পায়। দলটির রাজনীতি হলো যেকোনো উপায়ে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল।’

বিএনপির তথাকথিত আন্দোলন ব্যর্থ হওয়ায় মির্জা ফখরুল ইসলামরা এখন পাগলের প্রলাপ বকছেন বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘কখনো বিদেশি প্রভুদের কৃপা প্রত্যাশায় তাদের স্তুতি করে। আবার কাক্সিক্ষত সাড়া না পেয়ে তাদের বিরুদ্ধে বিষোদগার করে।’

বিএনপি গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন, নির্বাচনী ব্যবস্থা হত্যা করে এখন তারা নিজেদের গণতন্ত্রকামী হিসেবে প্রকাশ করছে বলে একে হাস্যকর বললেন ওবায়দুল কাদের। ২০০১ সালের বিএনপি-জামায়াতের ক্ষমতা গ্রহণের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতনের বিভিন্ন চিত্র তুলে ধরেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নিজেদের কৃতকর্মের জন্য বিএনপির মধ্যে কোনো অপরাধবোধ নেই। তারা এখনো ওই হামলাকারীদের পক্ষে সাফাই গায়। আরেকটি ১৫ই আগস্ট সৃষ্টির হুমকি দেয়। যে দল নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক রীতিনীতি ও সংস্কৃতিকে ধারণ করে না, দেশের মানুষকে তারা কী গণতন্ত্র দেবে?’

বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, বাক-স্বাধীনতা সুসংহত রয়েছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার নাগরিকের আশা-আকাক্সক্ষা ও মতামতকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে বলেই বাংলাদেশ আজ ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশমাতৃকার এই সাফল্য-সংগ্রাম এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’