ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার কংগ্রেস পার্টির এমপি গৌরব গাগৈ এই বিতর্কের সূচনা করেন। বিরোধী দলগুলোর পক্ষ থেকে তিনিই ২৬ জুলাই প্রস্তাবটি এনেছিলেন। আগামীকাল বৃহস্পতিবার বিতর্ক শেষে লোকসভার সদস্যরা প্রস্তাবটির ওপর ভোট দেবেন।
বিবিসি বলছে, ভারতের পার্লামেন্টে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও এর মিত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই ভোটাভুটিতে মোদি সরকার হারবে না বলেই ধরে নেওয়া যায়। কিন্তু বিরোধী নেতারা বলছেন, এই বিতর্ক মণিপুর রাজ্যে চলমান জাতিগত দাঙ্গা নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে মুখ খুলতে বাধ্য করবে।
লোকসভায় গগৈ বলেন, মণিপুরের বিষয়ে ‘মোদির নীরবতা ভাঙতে’ বিরোধীরা এ অনাস্থা প্রস্তাব এনেছে। মোদি এখনো দাঙ্গাকবলিত রাজ্যটি পরিদর্শন করতে যাননি কেন, সে প্রশ্ন তুলেছেন তিনি।
ভারতীয় পার্লামেন্টের চলতি অধিবেশন ২০ জুলাই থেকে শুরু হয়েছে। অধিবেশন শুরুর পর থেকেই বিরোধীরা মণিপুরের সহিংসতা নিয়ে মোদির বিবৃতির দাবি করতে থাকে। এই নিয়ে বিরোধীদের প্রতিবাদের মুখে বারবার অধিবেশন বিঘিœত হয়। সম্প্রতি ভারতের ২৬টি বিরোধী দল মিলে একটি জোট গঠন করেছে, যাকে ‘আইএনডিআইএ বা ইনডিয়া’ বলে ডাকা হচ্ছে। তাদের আনা এই অনাস্থা বিতর্ক তাদের ঐক্য প্রদর্শনের একটি সুযোগ বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
গত মে মাসের প্রথম দিক থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে শুরু হওয়া জাতিগত দাঙ্গায় এ পর্যন্ত ১৫০ জনেরও বেশি নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। রাজ্যটির সংখ্যাগরিষ্ঠ জাতি মেইতেইদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ কুকিদের সংঘর্ষ চলছে।
এদিকে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কে বিরোধীদের পক্ষ থেকে রাহুল গান্ধী প্রথম বক্তৃতা শুরু করবেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু তার বদলে তার দলের গৌরব গগৈ বক্তৃতা শুরু করার পর কিছুটা হইচই করেছিলেন লোকসভার বিজেপি দলীয় সদস্যরা। বিজেপির মন্ত্রী প্রহ্লাদ জোশী লোকসভায় প্রশ্ন তোলেন, ১১টা ৫৫ মিনিটে স্পিকারের অফিসে চিঠি দিয়ে বলা হয়েছিল, রাহুলই বিতর্ক শুরু করবেন। পাঁচ মিনিটের মধ্যে কী এমন হলো যে, রাহুল নয়, গৌরব গাগৈ বিতর্ক শুরু করলেন?
অবশ্য বিজেপির পক্ষ থেকে প্রথমে বলেন নিশিকান্ত দুবে। তার নিশানায় ছিলেন মূলত রাহুল ও সোনিয়া। নিশিকান্ত বলেন, সুপ্রিম কোর্ট রাহুলের মামলা নিয়ে কোনো রায় দেয়নি। স্থগিতাদেশ দিয়েছে মাত্র। রাহুল বলছেন, তিনি সাভারকর হবেন না। অনেক চেষ্টা করেও তিনি তা হতে পারবেন না। আর সোনিয়ার প্রসঙ্গে নিশিকান্ত বলেন, তিনি একেবারে ভারতীয় মেয়েদের মতো। ছেলে ও জামাইকে আগলে রেখেছেন।
পরে তৃণমূলের তরফে সৌগত রায় বলেন, মণিপুরে যে ভিডিও সামনে এসেছে, তা কোনো সভ্য দেশে হতে পারে? অথচ, নিশিকান্ত মণিপুর নিয়ে কোনো কথাই বললেন না। তিনি বলেন, জিনিসের দাম বাড়ছে। সরকার চাকরি দিতে পারছে না। মোদি সংসদে কোনো প্রশ্নের জবাব দেন না। তিনি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নন।
২০১৪ সাল থেকে একটানা ভারতের ক্ষমতায় আছে মোদি সরকার। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলো। অন্ধ্রপ্রদেশ রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার ইস্যু নিয়ে ২০১৮ সালে এক আইনপ্রণেতা প্রথম মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। সেবার ১২ ঘণ্টা বিতর্কের পর ওই প্রস্তাব মুখ থুবড়ে পড়ে।