মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করছে আ.লীগ : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন লক্ষ্য করে বিদেশি ও দেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। তাদের চরিত্রই এমন। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন’ প্রণয়নের উদ্যোগে ‘জনগণের সঙ্গে প্রতারণা’র শামিল।

গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। গত ৭ আগস্ট দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আবারও বলছি, আমরা ডিজিটাল নিরাপত্তা আইনটি সম্পূর্ণ বাতিল চাই। এটা গণতন্ত্রের বিরুদ্ধে আইন, মানুষের অধিকারের বিরুদ্ধে আইন, মিডিয়ার স্বাধীনতার বিরুদ্ধে আইন এটা রাখার কোনো প্রশ্নই উঠতে পারে না।’ তিনি বলেন, ‘মানুষকে বোকা বানানোর চেষ্টা করা ও বিদেশিদের একটা প্রচ- চাপ আছে, আন্তর্জাতিকভাবে চাপ আছে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে। তাদের বোঝানোর চেষ্টা করা আরকি। এটা হচ্ছে, খুব ঝড়ের মধ্যে একটা উটপাখি মাথা গুঁজে থাকে...। ওরা ভাবছে এভাবে মানুষকে বোকা বানিয়ে খুব বুদ্ধিমানের কাজ করছে। তারা মানুষকে বোকা ভাবে। এটা কিন্তু ঠিক না। তাতে প্রমাণিত হচ্ছে, তাদের লক্ষ্যটা হচ্ছে একই কায়দায় তারা করছে।’

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্টের পুরো বিষয়টি আমরা এখনো পাইনি। কী পরিবর্তন এসেছে তা দেখে গণমাধ্যমে সামনে পরে কথা বলব। স্থায়ী কমিটির বৈঠকের বিষয়টি আলোচনা হয়েছে। আমাদের কথা খুব স্পষ্ট, ডিজিটাল নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল চেয়েছি। আইনটা সবচেয়ে নিকৃষ্ট কালো আইন স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। এই আইন কোনো মতেই থাকা উচিত না, আমরা বাতিল চাই।’

ডিসেম্বরের মধ্যেই পরিবর্তন আসবে : গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) উদ্যোগে তারেক রহমানসহ তার সহধর্মিণীর বিরুদ্ধে মিথ্যা মামলার রায় প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা পরিবর্তন হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের পক্ষের মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ, প্রকৃত মুক্তিযোদ্ধারা দেশ পরিচালনা করবেন। চোর-বাটপাররা আর দেশ পরিচালনা করতে পারবে না। তিনি বলেন, এই দানবদের পদত্যাগ করাতেই হবে। এ ছাড়া দেশ ও দেশের জনগণ মুক্তি পাবে না।

৭১ ও সময় টিভির টকশোতে যাবেন না বিএনপির কোনো নেতা : ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িক বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের দলের এ সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কয়েকটি টিভি চ্যানেলের মালিক পক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে।’ তিনি আরও জানান, ৯ আগস্ট থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে।

ব্যাংককে হাসপাতালে ভর্তি জহির উদ্দিন স্বপন : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার ব্যাংককের ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।