একাধিকবার হেনস্থার শিকার হয়েছিলেন হৃত্বিক

জন্মসূত্রে তারকাসন্তান হওয়া সত্ত্বেও ছোটবেলায় একাধিকবার হেনস্থার শিকার হয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন। অ্যাকশন ও নাচের ক্ষেত্রে অনুরাগীদের মনে যার একচেটিয়া রাজ। তাছাড়া টাইগার শ্রফের মতো অভিনেতাদের অনুপ্রেরণা যিনি সেই হৃতিককে ছোটবেলায় স্কুলে পড়াকালীন হেনস্থার শিকার হতে হয়েছিল! সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই স্মৃতি রোমন্থন করলেন পর্দার ‘কৃশ’।

চলতি বছরের ৮ আগস্ট ২০ বছর পূর্ণ করছে অভিনেতার ‘কোয়ি মিল গায়া’। ছবিতে বিশেষভাবে সক্ষম এক তরুণের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃত্বিক। তার অভিনীত চরিত্র রোহিত প্রকৃতির নিয়মে বেড়ে উঠলেও সেই অনুপাতে তার মস্তিষ্কের বিকাশ না হওয়ায় বয়সে ছোটদের সঙ্গে স্কুলে পড়ত সে। স্কুলে পড়াকালীন একাধিক পড়ুয়ার ঠাট্টা-মশকরার শিকার হতে হতো তাকে। এমনকি, একাধিকবার হেনস্থাও হতে হয়েছিল রোহিত চরিত্রটিকে।

রোহিতের চরিত্রে অভিনয় করতে গিয়ে নাকি নিজের শৈশব থেকেই অনুপ্রেরণা নিয়েছিলেন হৃত্বিক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছোটবেলায় স্কুলে আমাকেও যে কতবার হেনস্থার শিকার হতে হয়েছে। আমার সাইকেল নিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। খুব প্রিয় সাইকেল ছিল ওটা আমার। ছবিতে রোহিতের স্কুটি ভেঙে দেওয়া হয়েছিল। যদিও পুরো বিষয়টাই কাকতালীয়। তবে ওই দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আমি।’