দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেলে এরা নিশ্চিহ্ন হয়ে যাবে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ অত্যন্ত ভীত, সন্ত্রস্ত্র হয়ে পড়েছে। যদি সত্যিকার অর্থে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়ে যায়, তাহলে এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। গণতন্ত্রের, দেশের, সার্বভৌমত্বের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা জাতীয় দাবিতে পরিণত হয়েছে।

গতাকল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

‘বিএনপি আন্দোলনের নামে জনগণকে জিম্মি করেছে, মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাসই হচ্ছে উদ্দেশ্যে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী কতটা সত্য বলেছেন তা আপনারাই ভালো বলতে পারবেন। গত কয়েক বছরে আমাদের আন্দোলনটা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন। সচেতনভাবে যেকোনো রকমের সহিংসতা এড়িয়ে চলার চেষ্টা করেছি। কিন্তু আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে শান্তি সমাবেশের নামে প্রত্যেকটি প্রোগ্রামেই বাধা দিয়েছে। গণতন্ত্রের ন্যূনতম নর্মস তারা দেখায়নি। আমরা যেদিন দিয়েছি সেদিন তারা প্রোগ্রাম দিয়েছে, আমরা শিফট করেছি, তারা শিফট করেছে। কতটা ভিনডিকটিভ হলে, ভয় পেলে এ ধরনের কাজ করতে পারে। তিনি বলেন, বন্যা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। সরকার কত মেগা উন্নয়ন করছে আর বন্যা ঠেকানোর মতো তাদের (সরকারের) সামর্থ্য নেই।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক গণমিছিল করবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, শুক্রবার জুমার নামাজের পর ঢাকা উত্তর ও দক্ষিণে পৃথকভাবে এ গণমিছিল করবে। কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি। অনুমতি ছাড়াই এ কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু, আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গোয়েন্দা দপ্তর ‘এখন ভাতের হোটেল’ : এদিকে গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমানের বিরুদ্ধে ‘ফরমায়েশি’ রায়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে অনেকে গোয়েন্দা কর্মকর্তা বলছেন, নিরাপত্তার জন্য সেখানে নাকি নেওয়া হয়। আমরা তো জানি, গোয়েন্দা দপ্তরে বিরোধী দলের নেতাকর্মীদের জন্য এটি একটি আতঙ্ক ঘর। অনেক আয়না ঘর আছে সেখানে। আর এখন কী হয়েছে জানেন? এখন গোয়েন্দা দপ্তর হয়েছে ভাতের হোটেল।

সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল কাকরাইলের নাইটিংগেল রেস্তোরাঁর মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেত্রী নাজমুন নাহার বেবী, নেওয়াজ হালিমা আর্লি প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতায় থাকতে চায় : এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিল এবং এক দফা দাবিতে সমমনা পেশাজীবী গণতন্ত্র জোট আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বন্দুকের জোরে আবার বন্দুকের জোরে ক্ষমতায় থাকতে চায়। এদের (আওয়ামী লীগ) সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্রের সম্পর্ক নেই। শেখ হাসিনার গণতন্ত্রের সঙ্গে মিল আছে উগান্ডার, নাইজেরিয়ার, দক্ষিণ কোরিয়ার।

সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং আসাদুল হক অহিদুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।