আশির দশকে যিনি পর্দা জুড়ে দর্শকদের রোমাঞ্চিত করেছেন তার মধ্যে অন্যতম আফজাল হোসেন। একাধারে তিনি অভিনেতা, নির্মাতা এবং চিত্রশিল্পী। আশি থেকে নব্বই- দুই দশকেই রোমান্টিক নায়ক হিসেবে খ্যাত ছিলেন চিরসবুজ এ অভিনেতা।
গতকাল বুধবার ছিল তার ৩২তম বিবাহবার্ষিকী। সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগী সবার শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন আফজাল হোসেন ও তানজিম হালিম দম্পতি। বিবাহবার্ষিকী নিয়ে বৃহস্পতিবার দুপুরে সোশ্যালে একটি স্ট্যাটাস দেন তিনি।
আফজাল হোসেন লিখেন, গতকাল ছিলো আমাদের বিবাহবার্ষিকী। পূর্ণ হলো বত্রিশ বছর। পেয়েছি কি আর পাওয়া হয়নি কি- কখনও, কোনোদিন সে হিসাব করতে বসিনি। জগতে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও লিখেন, আমার লিখতে ভালো লাগে, ভালো লাগে দুনিয়া ভুলে আঁকতে। আবার কখনও কিচ্ছু না করে ভাবনায় ডুবে সাঁতরাতে ভালো লাগে। মন চাইলে গান শুনি, পড়ি, দেখি- মন আমাকে যখন যা বলে শুনি। মাথা খাটিয়ে, লক্ষ্য ঠিক করে কোনও কিছুতে ঝাঁপিয়ে পড়া ধরনের নই আমি। ভুল বা ঠিক যেটাই হোক, আমি মানুষটা যেমন ছিলাম, তেমনভাবেই জীবন কাটাতে পারলাম, আমাকে আমার মতো থাকতে দেয়া হলো- এর চেয়ে বেশি কোনও চাওয়া থাকতে পারেনা।
সবশেষে তিনি লিখেন, আমার ইচ্ছায় সঙ্গীকে কি তার জীবন বদলাতে হয়েছে? এক শব্দে উত্তর হচ্ছে- না। আমাদের সংসারে আমার তেমন ভূমিকা নেই। তার জন্য গোপনে সে দীর্ঘশ্বাস ফেললে- বত্রিশ বছরে একটু হলেও টের পেতাম। আমরা ভালো আছি। সে জানে, সকল কিছুই তার- আমি ছায়ার মতো, সংসারে এক সন্ন্যাসী।
এমন জীবন উপভোগে প্ররোচনা দেবার জন্য সঙ্গীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সেলিম আল দীনের লেখা একটা সংলাপ তুলে ধরেন, বেঁচে থাকাটা বড় কথা নয়, কিভাবে বেঁচে আছি সেটাই বড়।