প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাদবাগানে এবার কাঁচা মরিচ হয়েছে। গণভবনের ছাদে টবে কাঁচা মরিচ গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা। ফলন এসেছে মরিচ গাছগুলোয়। প্রধানমন্ত্রী নিজেই মোবাইল ফোনে সেই ছবি তুলেছেন। ছাদবাগানে আরও হয়েছে ধনেপাতা, করমচা ও আনারস।
করোনা মহামারী যখন শুরু হয়, তখন খাদ্যসংকট মোকাবিলায় দেশের প্রতিটি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েই থেমে থাকেননি তিনি, নিজের বাসভবনে গড়ে তুলেছেন কৃষি খামার। গণভবনের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলিয়েছেন। গণভবনে তিনি ধান, ডাল থেকে শুরু করে পেঁয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজিও আবাদ করেছেন। শুধু গণভবনেই নয়, ফসল ফলিয়েছেন তিনি টুঙ্গিপাড়ার পৈতৃক পতিত জমিতে। দেশের মানুষকে উৎসাহ দিতে সৃষ্টি করেছেন দৃষ্টান্ত।