পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘জিসোমিয়া’ ও ‘আকসা’ চুক্তি হবে না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০ জনেরও বেশি বিশিষ্টজনের সঙ্গে পৌনে ৩ ঘণ্টা মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া ও আকসা চুক্তি কবে নাগাদ হতে পারে এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি করার মতো বিলাসিতা সরকার করবে না। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষাসংক্রান্ত আকসা ও জিসোমিয়া নামের দুটি চুক্তি সই করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। আকসার (অ্যাকুজিশান অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) অধীনে মার্কিন বাহিনী খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে থাকে। জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) চুক্তির অধীনে সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় হয়।
ড. মোমেন জানান, আগামী ১২ থেকে ১৫ আগস্ট চার দিনের সফরে বাংলাদেশে আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক এবং অ্যাড কেস।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের সফর সম্পর্কে মোমেন বলেন, ‘আমেরিকা আমাদের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায়। আমরা কাউকে আমন্ত্রণ জানাইনি, তারা নিজে থেকেই আসবে। আমরা খুব খুশি।’
দুর্নীতি রোধে দেশের কয়েকজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসছে বলে আলোচনা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের কাছে এমন কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্র অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে খুশি হব।’
ড. মোমেন বলেন, ‘বিদেশিরা যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা বলে, আমাদের দেশের সাংবাদিকরা সেসব নিয়ে প্রশ্ন করে না। মতবিনিময়ে একজন প্রস্তাব করেছেন, কীভাবে প্রশ্ন করতে হয় সেটা সাংবাদিকদের ওরিয়েন্টেশন দিতে।’