জাহাঙ্গীরনগরের নতুন ৬ হলের নামকরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ৬টি আবাসিক হল ও নির্মিতব্য স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় হলের নাম চূড়ান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেয়েদের তিনটি হলের (১৭, ১৮ ও ১৯ নম্বর) নাম যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীর প্রতীক তারামন বিবি হল হিসেবে চূড়ান্ত করেছে সিন্ডিকেট। ছেলেদের তিনটি হলের (২০, ২১, ২২ নম্বর) নাম হলো যথাক্রমে শহীদ তাজউদ্দীন আহমেদ হল, শেখ রাসেল হল ও কাজী নজরুল ইসলাম হল। আর স্পোর্টিস কমপ্লেক্সটি শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স হিসেবে পরিচিত হবে।

বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় এই স্থাপনাগুলো নির্মাণ করা হচ্ছে। নবনির্মিত ৬টি হলের মধ্যে দুইটি হল শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে। বাকি চারটি হলের নির্মাণকাজ শেষ হলেও জনবল সংকটের কারণে এখনো চালু হয়নি বলে জানিয়েছে প্রশাসন।