ভারী বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে সারা দেশেই কমবেশি বৃষ্টি হওয়ার কথা। যার ধারাবাহিকতায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এমন পরিস্থিতি আগামীকাল রবিবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আজ শনিবার ও আগামীকাল ভারী বৃষ্টিপাত বাড়তে পারে। গতকাল শুক্রবার এমন পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

গতকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ শনি ও আগামীকাল রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ুর ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল পর্যন্ত  অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার। আগামী দুদিনে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছেÑ রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ডিমলায় ১০৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।