ট্রাক চাপায় নারীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় জেসমিন (৩০) নামে এক গৃহবধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন মিরপুর পৌরসভার তালতলা এলাকার বাসিন্দা ফজলু মন্ডলের মেয়ে ও গাংনীর কুয়াতলা গ্রামের বাসিন্দা লিপুর স্ত্রী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে গৃহবধু জেসমিন ভ্যানযোগে বাবার বাড়ি থেকে মিরপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিল। এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে জেসমিন ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যানের তিনজন আহত হলে তাদের উদ্ধার করে ৫০শয্যা বিশিষ্ট মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।