কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি লিখে না দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধ বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার বাবা রজব আলী (৮০) আইনের সহায়তা নিতে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা। গত শনিবার নাগেশ্বরী থানায় ছেলেদের বিরুদ্ধে অভিযোগ জমা দেন রজব আলী। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলামকে জমি লিখে না দেওয়ার কারণে মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেয়।
চেয়ারম্যানপাড়া এলাকার একাধিক বাসিন্দাও জানান, ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম মিলে বাবা রজব আলীকে মেরে বাড়ি থেকে বের করে দেন। পরে বৃদ্ধ রজব আলী কোনো উপায় না পেয়ে ন্যায় বিচারের আশায় নাগেশ্বরী থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী দেশ রূপান্তরকে বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে নিঃসন্দেহে বৃদ্ধের ছেলেরা জঘন্য একটা কাজ করেছে। তাদের সঠিক বিচার হওয়া উচিত।’
আর নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান বলেন, ‘বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’