দেশে গত ১৫ দিনে ডেঙ্গু পরিস্থিতির সবগুলো সূচকেই অবনতি হয়েছে। এ সময় রোগী ও মৃত্যু বেড়েছে দেড় গুণের বেশি। ঢাকার বাইরের পরিস্থিতি ছাড়িয়ে গেছে ঢাকাকে। ঢাকার বাইরে প্রায় দ্বিগুণ মৃত্যু ও রোগী বেড়েছে।
এমন অবস্থায় গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ১০ জন মারা গেছে ও ১ হাজার ৯৮৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৮৯ হাজার ৮৭৫ জনে ও মৃত্যু ৪২৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যবিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ দিনে দেশে দেড় গুণের বেশি রোগী ও মৃত্যু বেড়েছে। ৩১ জুলাই রোগীর সংখ্যা ছিল ৫১ হাজার ৮৩২ জন। গত ১৫ দিনে বেড়েছে ৩৪ হাজার ৪৩ জন, যা এ সময়ের রোগীর ৩৮ শতাংশ বা দেড় গুণ।
একইভাবে গত ৩১ জুলাই মৃত্যু ছিল ২৫১ জন, যা বেড়ে এখন ৪২৬ হয়েছে। অর্থাৎ গত ১৫ দিনে মারা গেছে ১৭৫ জন, যা এ সময়ের মৃত্যুর ৪১ শতাংশ বা দেড় গুণের বেশি।
অন্যদিকে, এই ১৫ দিনে ঢাকার বাইরে রোগী বেড়েছে ৫০ শতাংশ বা দ্বিগুণ। ১৫ দিন আগে ঢাকার বাইরে রোগী ছিল ২২ হাজার ৬৩২ জন, যা ২২ হাজার ৮৪৭ জন বেড়ে এখন ৪৫ হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে।
একইভাবে গত ১৫ দিনে ঢাকার বাইরে মৃত্যু বেড়েছে ৪৭ শতাংশ বা প্রায় দ্বিগুণ। ৩১ জুলাই ঢাকার বাইরে মৃত্যু ছিল ৫৫ জন, যা এখন বেড়ে ১০৩ জন হয়েছে। অর্থাৎ এ সময় ৪৮ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৭৩১ জন ঢাকার এবং ১২৫৩ জন ঢাকার বাইরের। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ১১৭ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ১০ জন এবং বাইরের বিভিন্ন জেলায় ৫ হাজার ১০৭ জন রয়েছে।