ভারতে গ্রেপ্তারি পরোয়ানা

হয়রানি ও টাকা হাতানোই বাদীর উদ্দেশ্য : মমতাজ

প্রতিবেশী দেশ ভারতের আদালতে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। তিনি দাবি করেছেন, তাকে হয়রানি ও টাকা হাতিয়ে নেওয়াই ছিল মামলার বাদীর মূল উদ্দেশ্য। গতকাল বুধবার বিকেল সোয়া ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমনটি দাবি করেন মমতাজ।

ওই পোস্টে মমতাজ বলেন, ‘আমার প্রিয় এলাকাবাসী ও সারা দেশে আমার গানের ভক্ত আশেকান এবং আমার শুভাকাক্সক্ষী যারা রয়েছেন, তারা কয়দিন যাবৎ একটা নিউজের পরিপ্রেক্ষিতে খুব মন খারাপ করে আছেন। এটার সত্যতা কতটুকু, জানতে চাচ্ছেন। আমি বিদেশ ছিলাম ১৪ আগস্ট পর্যন্ত। দেশে ফিরেই ১৫ আগস্টের জাতীয় শোক দিবস নিয়ে খুব ব্যস্ত সময় কাটাই। এ জন্য এ বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। হ্যাঁ, এ কথা সত্য যে বেশ অনেক বছর আগে ভারতের বহরমপুর কোর্টে আমার বিরুদ্ধে এক ব্যক্তি একটা মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন। যার মূল উদ্দেশ্য ছিল আমাকে ভয় দেখিয়ে কিছু টাকা হাতিয়ে নেওয়া। আর ওই ব্যক্তি ছাড়া আমি যেন কারও মাধ্যমে ভারতে কোনো কনসার্ট করতে না পারি। কোনো ডকুমেন্ট ছাড়া ১৪ লক্ষ টাকা নেওয়ার একটি মিথ্যা মামলা উনি সাজিয়েছেন, যার কোনো প্রমাণ এই ১৪ থেকে ১৫ বছরে কোর্টে দাখিল করতে পারেনি।’

মমতাজ আরও বলেন, ‘এই বছরও আমি দুইবার কোর্টে হাজির হই। কিন্তু দুঃখের বিষয় মামলার বাদী দুইবার অসুস্থ বলে কোর্টে অনুপস্থিত থাকেন। তার মূল উদ্দেশ্য হলো আমাকে হয়রানি করা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দ্রুত মামলাটি যাতে শেষ হয় বিজ্ঞ আদালতকে অনুরোধ করি। কিন্তু আদালত শেষ যে তারিখ দিয়েছিল, ওই সময় আমার আগে থেকেই কানাডায় একটা প্রোগ্রাম নেওয়া ছিল বিধায় আমি উপস্থিত থাকতে পারিনি। তবে আমি আদালতকে এ বিষয়ে অবহিত করি। পরে একটা সময় চাইলে বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করে আমাকে সেপ্টেম্বরের ৮ তারিখ পুনরায় ডেট দেন। আশা করি আমি ৮ তারিখে হাজির হলে বিজ্ঞ আদালত একটা সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী কী করণীয় তা জানতে পারব। জাতীয় নির্বাচন সামনে রেখে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সবাই আমার ওপর আল্লাহর ওয়াস্তে এই আস্থা ও বিশ্বাস রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন কারও ক্ষতি না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগে করা মামলায় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অলক দাস ৯ আগস্ট লোকগানের জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় তার বিরুদ্ধে এর আগে আরও তিনবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এরপর মমতাজ উচ্চ আদালতের শরণাপন্নও হয়েছিলেন। ৯ আগস্ট মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় আদালতে হাজির হওয়ার কথা ছিল মমতাজের। এর আগে এক নোটিসে জানানো হয়, সেদিন মুর্শিদাবাদের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজ বেগমের মামলার অভিযোগ গঠন করা হবে। আর সেদিন মমতাজ উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।